আমেরিকায় যে কারণে অনেকে পাননি প্রণোদনার অর্থ

আমেরিকার প্রায় আট কোটি মানুষ এ সপ্তাহে তাদের ফেডারেল প্রণোদনার অর্থ পেয়েছেন। মাথাপিছু ১ হাজার ২০০ ডলার তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। আর দম্পতিরা পেয়েছেন ২ হাজার ৪০০ ডলার করে। তবে এখনো প্রায় ছয় কোটি মানুষ এই অর্থের অপেক্ষায় আছেন।
এখন পর্যন্ত কেউ ফেডারেল প্রণোদনার অর্থ না পেয়ে থাকলে হতাশ হওয়ার কিছু নেই। ভাবারও কারণ নেই যে, তা আর পাওয়া যাবে ন। কারণ নব্বই শতাংশ আমেরিকানই এ অর্থ পাওয়ার যোগ্য। যারা গত ২০১৮ ও ২০১৯ সালে এ ট্যাক্স ফাইল করে রিফান্ড পেয়েছেন আইআরএস থেকে এবং তা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হয়েছে, তাঁরা প্রণোদনার অর্থ সেই ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার মাধ্যমে চলতি সপ্তাহে পেয়ে গেছেন। যাদের ব্যাংক অ্যাকাউন্ট আইআরএসের কাছে নেই, তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা চেক পাবেন। এ ক্ষেত্রে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ। অনেক ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে। তবে প্রণোদনার অর্থ সবাই পাবেন, এটা নিশ্চিত।
চলতি সপ্তাহে প্রণোদনার অর্থ না পাওয়ার ক্ষেত্রে পাঁচটি কারণ রয়েছে। এই পাঁচ কারণ হলো-
১. আপনি হয়ত ২০১৮, ২০১৯ অর্থবছরে ট্যাক্স ফাইল করেছেন। তার মানে এ নয় যে আইআরএস আপনাকে প্রণোদনার অর্থ সরাসরি আপনার ব্যাংকে জমা দিতে পারবে। যদি রিফান্ড পেয়ে থাকেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিপোজিটের মাধ্যমে, সে ক্ষেত্রে আপনি প্রণোদনার অর্থও সেই অ্যাকাউন্টে পাবেন। আর যদি আপনি ট্যাক্স পরিশোধ করার পর আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আইআরএস সরাসরি উত্তোলন করে টাকা নিয়ে থাকে। যদিও তাদের কাছে আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আছে। এ ক্ষেত্রে আপনার এ প্রণোদণার অর্থ আসবে চেকের মাধ্যমে।
২. অনেকের ক্ষেত্রে এমন হয়েছে-২০১৯ সালের ট্যাক্স ফাইল এখনও করেননি, ২০১৮ সালে ট্যাক্স রিফান্ড যে ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট ডিপোজিট পেয়েছিলেন সেই অ্যাকাউন্ট এখন বন্ধ। আইআরএস তাঁদের টাকা ওই অ্যাকাউন্টে ডিপোজিট করেছে। তবে ব্যাংক ওই অর্থ আইআরএসকে ফেরত পাঠাবে। পরে আপনার ঠিকানায় চেক মেইল করবে আইআরএস।
৩. অনেক ক্ষেত্রে এমন হয়েছে, অনেকের ট্যাক্স প্রস্তুতকারী এজেন্সি যেমন টার্বোট্যাক্স, এইচঅ্যান্ডআর ব্লক, অথবা আপনার অ্যাকাউন্ট্যান্ট ইত্যাদি এজেন্সি গ্রাহকদের জন্য সাময়িক অ্যাকাউন্ট সৃষ্টি করে ডেবিট কার্ডে ইলেকট্রনিকভাবে অর্থ পাইয়ে দিয়েছেন। আইআরএস সেসব বন্ধ অ্যাকাউন্টে অনেকের প্রণোদনার অর্থ পাঠিয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে সেসব গ্রাহকেরাও এ অর্থ পাবেন, তবে আরও দেরি হবে।

৪. ২০১৯ সালের ট্যাক্স ফাইল যারা কাগজ ফরম পূরণের মাধ্যমে করেছেন, ২০১৮ এর রিফান্ড যারা ডিরেক্ট ডিপোজিট পাননি এবং ২০১৯ এ মেইল ফাইলিং করেছেন, তাঁদেরও প্রণোদনার অর্থ আসবে মেইলে। তবে সময় লাগবে।
৫. অনেক মানুষ আছেন যাদের ট্যাক্স ফাইল করতে হয় না। কারণ তাঁদের বার্ষিক আয় ১২ হাজার ২০০ এর কম। অথবা দুজনের ক্ষেত্রে ২৪ হজার ৪০০ এর কম। তাঁদের ট্যাক্স ফাইল প্রজোয্য নয়। আর ট্যাক্স ফাইল করেননি বলে করোনাভাইরাস রিলিফের অর্থ পাবেন না, এমনটি হবে না। তাঁদের অর্থও চলে আসবে প্রেসিডেন্টের স্বাক্ষর দেওয়া চেকের মাধ্যমে। এ ক্ষেত্রে সময় লাগবে চার থেকে ছয় সপ্তাহ।