আসছে গাড়ি চালক ছাড়াই
মিশিগানে করোনা প্রতিরোধে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর বিশ্বের বড় তিনটি মোটর কোম্পানি ফোর্ড, জেনারেল মোটরস ও ভক্সওয়াগন এজির উৎপাদন পুরোদমে এগিয়ে চলছে। শিগগির নতুন মডেলের গাড়ি আসছে বাজারে।
১০ জুন ‘ডয়েচ ব্যাংক গ্লোবাল অটো ইন্ডাস্ট্রি সম্মেলন’–এর প্রথম দিনে বিশ্বের বড় এই তিন মোটর কোম্পানির নির্বাহীরা এসব তথ্য জানিয়েছেন। তাঁরা বলেন, আগামী বছরগুলোয় বিদ্যুৎ-চালিত ও চালকবিহীন গাড়ির ভবিষ্যৎ আসছে।
ফোর্ড মোটর কোম্পানির চিফ অপারেটিং অফিসার জিম ফারলে বলেন, উৎপাদন শুরুর তিন সপ্তাহের মধ্যেই ফোর্ড তার পরিকল্পনার ৯৬ শতাংশ লক্ষ্য অর্জন করতে পেরেছে। গত মাসে উত্তর আমেরিকায় উৎপাদন শুরু হওয়ার পর তা খুব ভালোভাবেই চলছে। যুক্তরাষ্ট্রের সব কারখানায় আগামী ৬ জুলাইয়ের মধ্যে কোভিড-১৯–পূর্ব যে সক্ষমতা ছিল, তা ফিরে আসবে। গুরুত্বপূর্ণ প্ল্যান্টে তৃতীয় শিফট যুক্ত করার পরিকল্পনা চলছে।
জেনারেল মোটরসের (জিএম) নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মুখ্য অর্থনৈতিক কর্মকর্তা দিব্য সুরায়াদেভারা বলেন, ‘আশা করেছি, জুনের শেষ দিকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। গ্রাহকদের কাছ থেকে অনেক চাহিদাপত্র পাচ্ছি। তাই চাহিদার সঙ্গে উৎপাদনও বাড়ানোর চেষ্টা চলছে।’
ভক্সওয়াগন গ্রুপ অব আমেরিকার প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট স্কট কিয়োঘ বলেন, এখন পর্যন্ত আমেরিকায় সরবরাহ চেইন স্থিতিশীল। মেক্সিকো অনলাইনে উচ্চস্তরে পৌঁছেছে।
তিনটি গাড়ি নির্মাতা কোম্পানির নেতৃবৃন্দ বলছেন, তাঁরা ইলেকট্রিক এবং চালকবিহীন গাড়ির উন্নয়ন ঘটানোর চেষ্টা করছেন। করোনাভাইরাসের কারণে এই গাড়ির চাহিদা বাড়বে বলেই মনে করা হচ্ছে; যদিও আর্থিক সংকট রয়েছে।
ফোর্ড ও ভক্সওয়াগন পরবর্তী প্রজন্মের যানবাহনের উন্নয়নে পদক্ষেপ নিতে একটি জোটে স্বাক্ষর করেছিল, যার অধীনে প্রতিযোগীরা বেশ কয়েকটি নতুন পণ্য তৈরিতে সহযোগিতা করবে। সর্বশেষ গত জুলাইয়ে ঘোষিত এই জোট মাঝারি পিকআপ ট্রাক ও দুটি বাণিজ্যিক ভ্যান উৎপাদন করবে। এর একটি ফোর্ড ও একটি ভক্সওয়াগন উৎপাদন করবে। ফোর্ড ও ভক্সওয়াগন দুই পক্ষই স্বয়ংক্রিয় চালকের সফটওয়্যার সংস্থা আরগো এআইতে বিনিয়োগ করেছে, যার প্রযুক্তি তারা অটোনোমাস যানবাহন তৈরির জন্য ব্যবহার করবে।