দেশে করোনায় আরও ১৮৭ মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে করোনায় মৃত্যু বাড়ছে।
ফাইল ছবি: প্রথম আলো

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসের সংক্রমণে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৯৭ জন। আগের ২৪ ঘণ্টার চেয়ে মৃতের সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৪৮ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা ছিল ২৪ হাজার ৯৭৯। আর মৃত্যু হয়েছিল ১৭৩ জনের।

সোমবার করোনাভাইরাসের সংক্রমণে ২৩১ জনের মৃত্যু হয়, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৮৫ জনের। করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৪ জনের। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ২৩ জন। বাকিরা অন্যান্য বিভাগের। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে ১১৭ জন পুরুষ, নারী ৭০ জন।

দেশে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলতি মাসের প্রথম দুই সপ্তাহ সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়েছে। মার্কেট, শপিং মল ও দোকানপাট খুলেছে। চলছে গণপরিবহনও। তবে কাল শুক্রবার সকাল থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। দুই সপ্তাহ ধরে এই লকডাউন চলবে।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও এক মাসের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। দেশে করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ এবং করোনায় মৃত্যু কয়েক গুণ বেড়েছে।