বগুড়ায় করোনা
উপসর্গ নিয়েই দ্বিগুণ মৃত্যু
পিসিআর ল্যাবে জট থাকায় উপসর্গে মৃত্যুর পর নমুনা পরীক্ষার ফল আসতে সময় লাগে। পরে তা আর করোনায় মোট মৃত্যুর হিসাবে যোগ হয় না।
বগুড়া সিভিল সার্জনের কার্যালয়সহ বিভিন্ন হাসপাতালে করোনায় ও উপসর্গে মৃত্যুর গত ২ মাসের যে তথ্য আছে, সে অনুযায়ী চলতি মাসে উপসর্গে মৃত্যুর সংখ্যাই বেশি। জুলাই মাসের ২৫ দিনে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। উপসর্গে মারা গেছেন ২১২ জন।
গতকাল রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয় ৫ জনের। আর উপসর্গে মৃত্যু হয় ৭ জনের। নতুন করে ৮৪০টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ২৪২ জনের।
হাসপাতালে উপসর্গে মৃত্যুর সংখ্যা তাৎক্ষণিকভাবে গণনা হয়। পরে নমুনা সংগ্রহ করলেও পিসিআর ল্যাবে জট থাকায় পরীক্ষার ফল আসতে সময় লাগে ৮-১৫ দিন। পরে সে ফল এলেও তা আর হালনাগাদ করা হয় না। এ কারণেই কাগজে–কলমে উপসর্গে মৃত্যুর সংখ্যা বেশি দেখা যাচ্ছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ–সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২৫ জুলাই সকাল আটটা পর্যন্ত চলতি মাসের ২৫ দিনে জেলায় ৪ হাজার ৫৫৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ হাজার ৯৫১। এর মধ্যে ৫৩০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগের মাসে, অর্থাৎ গত জুনে করোনা শনাক্ত হয় ১ হাজার ৬৮২ জনের। মারা যান ৮৩ জন। এ মাসে উপসর্গে মৃত্যুর সংখ্যা ছিল হাতে গোনা।
জেলার সরকারি-বেসরকারি তিন হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, ১ থেকে ১০ জুলাই পর্যন্ত তিন হাসপাতালে করোনায় মৃত্যু হয় ৬৮ জনের। তিন হাসপাতালে করোনার উপসর্গে মৃত্যু হয় প্রায় ৭০ জন রোগীর। ১১ থেকে ২৫ জুলাই সকাল আটটা পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয় ৬১ জনের। এই সময়ে করোনার উপসর্গে মারা যান ১৪২ জন।
* জুলাইয়ের ২৫ দিনে করোনায় মৃত্যু ১২৯ জনের। উপসর্গে মারা গেছেন ২১২ জন। * উপসর্গে মারা যাওয়া রোগীদের নমুনা পরীক্ষার ফল আসতে ৮ থেকে ১০ দিন সময় লাগে।
জেলায় সরকারি পর্যায়ে করোনার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব রয়েছে শুধু শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার আরটি-পিসিআর ল্যাবে এক পালায় ৯৪টি নমুনা পরীক্ষা করতে আড়াই ঘণ্টা সময় লাগে। এভাবে তিন পালায় প্রতিদিন ২৮২টি নমুনা পরীক্ষার সক্ষমতা রয়েছে। অথচ ল্যাবে করোনা পরীক্ষার জন্য প্রতিদিন দ্বিগুণ নমুনা আসে।
জানতে চাইলে ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চাপ থাকায় অনেক পরে ফল আসছে। এর আগেই উপসর্গ নিয়ে ভর্তি থাকা অনেকে মারা যাচ্ছেন। তখন তাঁদের উপসর্গে মৃত্যু হিসেবেই গণনা করা হচ্ছে। পরে করোনা পরীক্ষার ফল এলেও তা আর হালনাগাদ করা হয় না। স্বজনদেরও তা জানার ব্যাপারে আগ্রহও থাকে না।
গত বছরের ৩ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২৫ জুলাই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৪ জনের। আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫২৬ জন।