নিউইয়র্কে বাংলাদেশি স্বাস্থ্যকর্মী সীমা সুস্মিতা
একের পর এক মৃত্যু দেখেও সেবা দিতে পিছপা হননি তিনি

নিউইয়র্ক সিটির তত্ত্বাবধানে পরিচালিত কুইন্স হাসপাতালে জরুরি বিভাগের সহকারী নার্স বাংলাদেশি সীমা সুস্মিতা (৪২)। নগরীর ব্যস্ত এই হাসপাতালে গত দুই মাসে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একের পর এক মৃত্যু দেখেছেন তিনি। অসহায় মানুষের এমন বিদীর্ণ বাস্তবতায় দাঁড়িয়ে সীমা সুস্মিতা দমে যাননি। একের পর মৃত্যুদৃশ্য দেখে কেঁদেছেন, কিন্তু ভয় পাননি। জীবনটা যে শুধু নিজের জন্য নয়, এ জীবন কখনো পুরোপুরি অন্যের জন্যও—এ কথা মনে রেখে এখনো কাজ করে চলেছেন, সেবা দিয়ে যাচ্ছেন রোগীর। নিজের ও পরিবারকে ঝুঁকিতে রেখে কাজ করে যাচ্ছেন তিনি।
চট্টগ্রামের মেয়ে সীমা সুস্মিতা ঢাকায় বড় হয়েছেন। নিরেট গৃহবধূই হতে চেয়েছিলেন। জীবন তাঁকে ভাসিয়ে নিয়ে আসে আমেরিকায়। সীমা সুস্মিতা প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, ‘মানবতার এমন সংকটে আমি মানুষের পাশে থেকে সরে যেতে পারি না। করোনাভাইরাস মানুষকে বদলে দিয়েছে। একের পর মৃত্যুর দৃশ্য দেখে আমি নিজেও আর আগের মানুষটি নেই। জীবনটা যে শুধু নিজের জন্য নয়, এ জীবন কখনো কখনো অন্যের জন্যও।’
সীমা বলেন, গত মার্চের প্রথম দিকে তাঁর হাসপাতালে প্রথম দুজন করোনা সংক্রমিত রোগী আসেন। তখনো করোনা সংক্রমিত রোগীর জন্য হাসপাতাল তেমন প্রস্তুত নয়। একজনকে টেস্ট করে করোনা পজিটিভ পাওয়া যায়। আরেকজনকে করোনা সন্দেহ করা হয়। এ ঘটনা প্রথমে কাউকে জানতে দেওয়া হয়নি। এরই মধ্যে একজনের মৃত্যু হয়। স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম দেওয়া হয়নি তখনো। দুই সপ্তাহের মধ্যে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। কিছু টের পাওয়ার আগেই একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে। হাসপাতাল মৃত্যুপুরী হয়ে ওঠে।
আমেরিকার স্বাস্থ্যব্যবস্থায় আছে নানা ফাঁকফোকর। নগরীর বড় বড় হাসপাতালে শুরুতেই করোনা সংক্রমিত রোগীদের নেওয়া হয়নি। নগরীর অপেক্ষাকৃত অনগ্রসর এলাকা জ্যামাইকার কাছাকাছি কুইন্স হাসপাতাল। বাংলাদেশি, গায়নিজসহ মিশ্র অভিবাসীদের এলাকা। যাঁদের স্বাস্থ্য বিমা নেই, তাঁদের শুরুতে হাসপাতালে নেওয়া হয়নি। পরে নথিপত্রহীন অভিবাসী ও স্বাস্থ্যবিমা নেই, এমন মানুষের ব্যাপক আগমন ঘটে সিটি পরিচালিত হাসপাতালগুলোয়। এ কারণেই কুইন্স হাসপাতালে আর তিল ধারণের ঠাঁই ছিল না।
স্বামী সাংবাদিক দর্পণ কবীরের হাত ধরে স্বপ্নের দেশ আমেরিকায় আসতে চাননি সীমা। ২০০২ সালে মা-বাবাকে বলে এসেছিলেন, এক বছরের মধ্যেই ফিরে যাবেন। অবশেষে কেমন করে যেন নিউইয়র্কেই জীবনের নোঙর করে ফেললেন। ম্যাকডোনাল্ড থেকে শুরু করে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমে কাজ করেছেন। প্রায় ১০ বছর থেকে স্বাস্থ্যকর্মীর পেশায় আছেন।
গত দুই মাসে সীমা করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের একের পর এক মৃত্যুদৃশ্য দেখে কখনো কেঁদেছেন। তবে ভয় পাননি। তিনি বলেন, মধ্য মার্চে হাসপাতাল আর হাসপাতাল থাকেনি। জরুরি বিভাগে রোগী সামাল দেওয়ার এমন কর্ম তিনি আগে দেখেননি। কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। ৮ ঘণ্টার কাজ ১৬ ঘণ্টায় ঠেকেছে। লকডাউন নগরীর সন্ত্রস্ত বাস্তবতায় সীমা কাজে যান। একপর্যায়ে নিজেও অসুস্থ হয়ে পড়েন। ঘরে স্বামী ও দুই সন্তান। তাঁদের নিরাপত্তা নিয়েও উৎকণ্ঠা দেখা দেয়।
একসময় পরীক্ষায় সীমা সুস্মিতার শরীর করোনামুক্ত পাওয়া যায়। হাসপাতাল থেকে ডাক আসে, স্বাস্থ্যকর্মীর সংকট। অনেকেই অসুস্থ। তাই সীমা আবার কাজে ফিরে যান। এবারে মুমূর্ষু ইউনিটে তাঁর দায়িত্ব পড়ে। শুরুতেই এক দিনে সাতজনের মৃত্যু দেখেন। একের পর এক মানুষের ঝরে পড়া নিতে পারছিলেন না সীমা। তাঁর এই পরিস্থিতি দেখে একসময় সীমাকে সরিয়ে নেওয়া হয় ওই ইউনিট থেকে।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোহাম্মদ আহমেদ নামের এক স্বদেশির মৃত্যুর ঘটনা বলেন সীমা। অল্প বয়সী এ যুবক শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসার ১০ মিনিটের মধ্যেই মৃত্যু হয় তাঁর। অক্সিজেন দেওয়ার সময় পর্যন্ত পাওয়া যায়নি। মৃতদেহ প্লাস্টিকের ব্যাগে ভরেছিলেন সীমা, যা তাঁদের নিয়মিত করতে হচ্ছে দিনের পর দিন। কান্নাজড়িত কণ্ঠে সীমা বলেন, কলেমা পড়ে যতটা সম্ভব পরিষ্কার করে প্লাস্টিক ব্যাগে ভরছিলেন মৃতদেহ। মৃত ব্যক্তিটির মুখের দিকে চেয়ে তাঁর মনে হয়েছে নিজের স্বামীর মতো চেহারা। দ্রুত ফোন করেন বাসায়। কাঁদতে থাকেন। বাসা থেকে স্বামী দর্পণ কবীর জানান, তিনি বেঁচে আছেন। সাহস দেন স্ত্রীকে। চার দিন পর দর্পণ কবীর বাসায় ফোন পান, আহমদ নামের একজন প্রবাসী হাসপাতালে যাওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো কারণে ফোন নম্বর রেকর্ড করতে ভুল হওয়ায় বা মৃত্যু হওয়ার আগে ভুল নম্বর দেওয়ার কারণে হাসপাতাল থেকে আহমেদের কোনো পরিজনের সন্ধান করা হয়নি। করোনা সংক্রমিত রোগীর সঙ্গে কোনো আত্মীয়স্বজনের প্রবেশও নিষিদ্ধ ছিল। স্বামীর চেহারার সঙ্গে কিছুটা মিল ছিল বলেই সীমা তাঁকে মনে করতে পেরেছেন। এ কারণে চার দিন পর স্ত্রী ও পরিবার জানতে পারলেন আহমেদের লাশ পড়ে আছে কুইন্স হাসপাতালের মর্গে।
সীমা ইংরেজি, বাংলা, হিন্দি ও উর্দুসহ বেশ কয়েকটি ভাষায় কথা বলতে পারেন। হাসপাতালে অনুবাদ সার্ভিস থাকলেও করোনার এই সময়ে নানা ভাষা জানার কারণে অনেকের কাছেই সীমা অপরিহার্য একজন স্বাস্থ্যকর্মী হয়ে ওঠেন। সীমা বলেন, হাসপাতালে আসা কোনো রোগীকে তাঁর অভিবাসন বা গাত্রবর্ণ দেখে সেবা দেওয়া হয় না। একজন মানুষ হিসেবে যা প্রয়োজন, তা–ই করার চেষ্টা করা হয় সবার জন্য। তারপরও বিশেষ বিশেষ সময়ে এবং অবস্থাগত কারণে কিছু রোগীকে সংকটজনক সময়ে ভিন্ন ভাষা দিয়ে সহযোগিতা দেওয়াটাও জরুরি হয়ে দাঁড়ায়।
নিজে ভয় পেয়েছেন, কেঁদেছেন, কিন্তু পিছু হঠেননি সীমা। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের দায়িত্ব পালন করছেন—এমন মনে হয়েছে সীমা সুস্মিতার। যুদ্ধের গল্প শুনেছেন। যুদ্ধের সিনেমা দেখেছেন। কিন্তু মনে হয়েছে, এবারে তিনি নিজে যুদ্ধ করছেন। দেশ থেকে স্বজনেরা শুনে উদ্বেগ প্রকাশ করেছেন। বাসায় থাকা পরিজনদের আক্রান্ত করার ভয় তাড়া করেছে। তবু পিছপা হননি। নিজের শারীরিক অসুস্থতার জন্য কাজে তিনি না গেলেও পারতেন। বেশ গর্বের সঙ্গে জানালেন, দেশ থেকে মা আফসানা বেগম উদ্বেগ নিয়েও সাহস দিয়েছেন। মানুষের এ বিপদের সময়ে মানুষের সঙ্গেই থাকার সাহস জুগিয়ে যাচ্ছেন।
মা-বাবার আশীর্বাদ ও স্বামী-সন্তানের ক্রমাগত সহযোগিতার কথা স্মরণ করে সীমা বলেন, ‘এ সংকটে সবাই একেকজন যোদ্ধা। সবার সহযোগিতা না থাকলে টিকে থাকা কঠিন। মৃত্যুর মুখোমুখি যে মানুষটি আমার মতো একজন স্বাস্থ্যকর্মীর দিকে চেয়ে আছে, আমি তো তাকে ফেলে যাওয়ার চিন্তাই করতে পারি না।’
কুইন্স হাসপাতালের সহকারী নার্স সীমা সুস্মিতা আরও বলেন, ‘আমার মতো হাজারো স্বাস্থ্যকর্মী নিজের জীবনের তোয়াক্কা না করে সেবা দিয়ে যাচ্ছেন। মৃত্যুর ভয়াবহতা দেখে নিজেকে সামাল দিতে না পেরে স্বাস্থ্যকর্মীরা আত্মহত্যা পর্যন্ত করছে।’ তিনি বলেন, অন্যের জন্য নিজের বেঁচে থাকাটাও অনেক প্রয়োজন।