এবার নাটোরের সব পৌর এলাকায় লকডাউন
এবার নাটোরের আটটি পৌর এলাকাতেই সাত দিনের জন্য কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ও রাতে দুই দফা আলোচনা শেষে নতুন এই সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে দুই দফা নাটোর সদর ও সিংড়া পৌরসভায় এই লকডাউন ছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্তে ৯ জুন থেকে নাটোর ও সিংড়া পৌর এলাকায় প্রথমে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়। কিন্তু সংক্রমণ বৃদ্ধি অব্যাহত থাকায় এই দুটি পৌর এলাকায় আরও এক সপ্তাহের জন্য লকডাউন বাড়ানো হয়। যা মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শেষ হওয়ার কথা ছিল।
নতুন করণীয় ঠিক করতে মঙ্গলবার দুপুর ১২টায় সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভা আহ্বান করেন। প্রায় আড়াই ঘণ্টা আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই সভা শেষ হয়। যদিও সভার অধিকাংশ সদস্য লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষে মত দেন। রাতে ক্যাবিনেট সচিব রাজশাহী বিভাগের জেলা প্রশাসকদের সঙ্গে করোনা নিয়ে ভার্চুয়াল সভা করেন। সভা শেষে রাত সাড়ে নয়টার কিছু পরে জেলা প্রশাসক নাটোর ও সিংড়া পৌর এলাকাসহ জেলার সব কটি পৌর এলাকায় (আটটি পৌরসভা) আগামী ২৯ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেন।
আগের মতো ২৯ জুন সন্ধ্যা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ি থেকে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বের হতে হলে তাঁকে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে।
এ ছাড়া এসব এলাকায় সব ধরনের গণপরিবহন চলাচল ও দোকানপাট বন্ধ থাকবে। তবে ওষুধসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখা যাবে।
জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, তিনি মঙ্গলবারই নাটোর জেলায় যোগদান করেছেন। যোগদানের পর পরই জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ ও অন্যান্য সাংসদসহ কমিটির সদস্যদের সঙ্গে লকডাউন নিয়ে আলোচনা করেছেন।
জেলা প্রশাসক বলেন, সবার মতামতের ভিত্তিতে আগের দুটি পৌরসভাসহ নলডাঙ্গা, বাগাতিপাড়া, গোপালপুর, বনপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর পৌর এলাকাতেও লকডাউন রাখার সিদ্ধান্ত আসে। তিনি সবাইকে লকডাউনের বিধিনিষেধ মেনে প্রশাসনকে সহায়তা করার অনুরোধ জানান।