এল্মহার্স্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন

করোনাভাইরাসে কুইন্সের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থিত এল্মহার্স্ট হাসপাতালে কর্মরত চার হাজার স্বাস্থ্যকর্মী বিনা মূল্যে অবকাশ যাপনের সুযোগ পাচ্ছেন। আমেরিকান এয়ারলাইনস ও হোটেল হায়াত কর্তৃপক্ষ যৌথভাবে এই স্বাস্থ্যকর্মীদের উপহার হিসেবে অবকাশ যাপনের সুযোগ দিচ্ছে। বিনা মূল্যে অবকাশ যাপনের সুবিধা প্রাপ্তদের মধ্যে হাসপাতালে কর্মরত নার্স ছাড়াও চিকিৎসক, ফিজিশিয়ানসহকারী, ফুড সার্ভিস ও অন্যান্য সহায়তা সার্ভিস বিভাগের কর্মীরা রয়েছেন।
এল্মহার্স্ট হাসপাতালের সিইও ইসরায়েল রোচা করোনা মহামারির কেন্দ্রবিন্দুতে থাকা এল্মহার্স্ট হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের এ ধরনের উপহার প্রদানের জন্য জন্য হোটেল হায়াত কর্তৃপক্ষ ও আমেরিকান এয়ারলাইনসকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দেশের দুটি শীর্ষস্থানীয় কোম্পানির দেওয়া সম্মানজনক উপহারকে হাসপাতালের চিকিৎসকসহ সবাই স্বাগত জানান এবং নিকট ভবিষ্যতে এই বিশেষ অবকাশ যাপনে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন। চলতি বছরের শেষে আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশের পছন্দ মতো যেকোনো দেশে তিন রাতের অবকাশ সুবিধায় অন্তর্ভূক্ত থাকবে হোটেল হায়াতে আবাসিক সুবিধা ও আমেরিকান এয়ারলাইনসে বিনা মূল্যে আসা-যাওয়ার ব্যয়।