কঠোর বিধিনিষেধে যেভাবে চলবে অধস্তন আদালতের কার্যক্রম
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারঘোষিত কঠোর বিধিনিষেধকালে আগামী ৫ আগস্ট পর্যন্ত অধস্তন আদালত বা ট্রাইব্যুনালের কার্যক্রম সীমিত পরিচালিত হবে। সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুল কোর্ট সভায় সর্বসম্মতভাবে ওই সিদ্ধান্ত হয়। গতকাল শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রত্যেক জেলা ও দায়রা জজ দেওয়ানি ও ফৌজদারি এবং মহানগর দায়রা জজ ফৌজদারি জরুরি দরখাস্তগুলো প্রয়োজন অনুযায়ী তারিখ ও সময় নির্ধারণ করে ভার্চ্যুয়াল পদ্ধতিতে শুনানি ও নিষ্পত্তি করতে পারবেন।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক ম্যাজিস্ট্রেট যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে ওই সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতায় শারীরিক উপস্থিতিতে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা যাবে বলে রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও বলা হয়, ১৮৮১ সালের দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টসহ যেসব আইনে মামলা/আপিল দায়েরের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে, সেসব আইনের অধীন মামলা/আপিল শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম শুরু হওয়ার সাত দিনের মধ্যে তামাদির মেয়াদ অক্ষুণ্ন বিবেচনায় দায়ের করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন আদালতে কর্মরত সব বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীকে কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশ প্রদান করা হলো। ওই সময়ে (৫ আগস্ট পর্যন্ত) জরুরি প্রয়োজন ছাড়া আইনজীবী ও বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে না আসার জন্য অনুরোধ করা হলো।
এর আগে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ১ থেকে ৭ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। পরে তা বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। ঈদুল আজহার কারণে ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ শিথিল করা হয়। পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোরতম বিধিনিষেধ আরোপ করা হয়। এই হিসাবে কঠোরতম বিধিনিষেধ শুরু হয় শুক্রবার।