কবে সব ঠিকঠাক হবে

করোনাভাইরাসে একের পর এক মৃত্যুর খবরে নিউইয়র্কে বসবাসরত প্রবাসীরা চরম উৎকণ্ঠায়। প্রবাসীদের নিজেদের চেনাজানা বা পরিবারের কেউ না কেউ আক্রান্ত হওয়ায় অনেকেই মুষড়ে পড়েছেন। ফোনে, সামাজিক যোগাযোগেমাধ্যমে সবাই সবার খোঁজ রাখছেন। সবারই এক আকুতি, কবে যে সব ঠিকঠাক হবে!
৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় ৩০ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। এর মধ্যে শুধু নিউইয়র্কেই ২৬ জনের সংবাদে কমিউনিটিতে শোক বিরাজ করছে। ২২ মার্চ থেকে শুরু হওয়া লকডাউনের পর থেকে সবার মতো নিউইয়র্কের প্রবাসীরাও সবকিছু থেকে নিজেদের বিচ্ছিন্ন রাখছেন।
এই পরিস্থিতিতে প্রথম আলো উত্তর আমেরিকার পক্ষ থেকে কথা বলা হয় বেশ কয়েকজন প্রবাসীর সঙ্গে। ম্যানহাটনে বসবাস করা মুরাদ খন্দকার বলেন, যে শহর কখনো ঘুমায় না, সে শহর করোনার প্রকোপে এখন জনমানবহীন এক ঘুমন্ত শহর। দুই সপ্তাহের বেশি সময় থেকে তিনি পরিবার নিয়ে বাসায় অবস্থান করছেন। ঘরে কিছুদিনের খাবার মজুত আছে। লকডাউন এভাবে টানা চলতে থাকলে পরিবারকে খাদ্যসংকটে পড়তে হবে বলে জানান তিনি।
ব্রঙ্কস থেকে পারভিন বেগম বলেন, ‘করোনা মহামারির কারণে আমি কর্মহীন, যা আমাকে খুব ভাবাচ্ছে। প্রতিনিয়ত মৃত্যুর সংবাদ শুনছি, হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছে জেনে ভয় পাচ্ছি।’
জ্যামাইকায় বসবাসরত জাহিদ জারিফ বলেন, ‘সব সময় আতঙ্কের মধ্যে আছি। বাংলাদেশে আমাদের পরিবার ও লোকজন নিয়েও দুশ্চিন্তায় আছি। দেশ থেকেও আমাদের নিয়ে স্বজনেরা চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন।’
জ্যামাইকা থেকে আরেক প্রবাসী সুলতানা বেগম বলেন, ‘সব সময় আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন এই মহামারি থেকে সবাইকে রক্ষা করেন। আত্মীয়, বন্ধু, পরিচিত সবাইকে অনুরোধ করব, ঘরে থাকুন, নিজে, পরিবার ও আশপাশের সবাইকে নিরাপদে থাকতে সহায়তা করুন।’
শেখ হাসান মেহেদীও কুইন্সের জ্যামাইকায় থাকেন। অসুস্থ থাকায় নিজে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। আপাতত সুস্থ বোধ করছেন, তবে কিছুটা দুর্বল বলে জানালেন। বাসা থেকে অফিস করছেন। তিনি বলেন, বন্ধুদের আড্ডা মিস করছেন। মানুষের কতটা অসহায়, তা দেখে খারাপ লাগছে। ঘরে আর এক সপ্তাহের খাবার আছে।
এইচ এ এস আরেফিন নগরের ব্রঙ্কসে থাকেন। দুই সপ্তাহ থেকে ঠান্ডাজনিত সমস্যায় আছেন। হালকা জ্বর, সর্দি, কাশি। ভয়ে আছেন। আরেফিন জানান, তাঁদের ভবনে বেশ কয়েকটি পরিবার করোনায় আক্রান্ত। পাশের দরজার একজনের মৃত্যু হয়েছে। তাই সব সময় তিনি আতঙ্কে আছেন পরিবার নিয়ে। ঘরে প্রায় এক মাসের খাবার মজুত আছে বলে জানান তিনি।
জ্যামাইকার তৌফিক আহমেদ আইটিতে জব করেন। তিনি বলেন, ‘ঘরে আছি, খাই আর ঘুমাই। আল্লাহকে ডাকি। দেশ-বিদেশে নিজের মানুষ আর বন্ধুদের সঙ্গে কথা বলি।’
উডসাইডের বাসিন্দা সুমন ইসলাম ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। তিনি বলেন, ঘরে খাবার মজুত আছে। তবে খুব দুশ্চিন্তায় আছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। দেশে থাকা পরিবার ও বন্ধুদের নিয়েও চিন্তা করছেন। চাকরির কী হবে, সেটা নিয়েও ভীষণ চিন্তায় আছেন সুমন।
সুমাইয়া বিনতে মনি স্ট্যাটেন আইল্যান্ডে থাকেন। কফি শপে কাজ করতেন। এক সপ্তাহ হলো তিনি ছুটি নিয়ে বাসায় আছেন। যা খাবার আছে, দুই সপ্তাহ চলবে বলে জানালেন। যদি কাজ চলে যায়, সেই ভয়েও আছেন।
নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্কের একটি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কর্মকর্তা বলেন, ‘তিনি কুইন্সের রিচমন্ড হিলে থাকেন। সময়টা খুব বোরিং হলেও সোম থেকে শুক্রবার নয়টা-পাঁচটা বাসায় বসে কাজ করছি। কাজের পর সময়টাকে খুব কঠিন মনে হয়।’