করোনায় নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির শিক্ষাব্যবস্থায় পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি কলেজ অব নিউইয়র্কের একটি ক্যাম্পাস। ছবি: সংগৃহীত
সিটি কলেজ অব নিউইয়র্কের একটি ক্যাম্পাস। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নাগরিকদের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে নিউইয়র্কের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিছু নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের (সিইউএনওয়াই) চ্যান্সেলর মাতোস রদ্রিগেজ ঘোষণা করেছেন, বিশ্ববিদ্যালয়ের অরিয়েন্টেশন অনুষ্ঠান স্থগিত করা হবে। তবে এখনো কলেজের প্রেসিডেন্ট ও ডিন তাঁদের ক্যাম্পাস কমিউনিটির সঙ্গে মানানসই বিকল্প কর্মসূচি ও শিক্ষাব্যবস্থা প্রণয়নের কথা ভাবছেন।

বলা হয়েছে, পরিবর্তিত ব্যবস্থা ডিপ্লোমা কোর্সের ওপর কোনো প্রভাব ফেলবে না। স্প্রিং সেমিস্টারের কোর্স নির্ধারিত সময়ে শেষ হবে। সামার ২০২০-এর কোর্স সতর্কতার সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়ে চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের সামার-২০২০ কোর্সের অফারগুলো অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে। কোভিড-১৯–এর জরুরি সময়সীমার ওপর নির্ভর করে ভবিষ্যতে ফল-২০২০ কোর্সগুলোর জন্য নতুন দিকনির্দেশনা একাডেমিক নেতৃবৃন্দ ও অনুষদের সঙ্গে পরামর্শের পর জানানো হবে।

সিইউএনওয়াই কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে শিক্ষার্থীদের সহায়তা করার জন্য তারা কিছু পদক্ষেপ নিয়েছে। গভর্নর কুমোর সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৩০ হাজার নতুন ল্যাপটপ ও ট্যাবলেট কিনেছে। এ ডিভাইসগুলো দূরশিক্ষণ বা ইন্টারনেটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন।

ক্রেডিট/নন-ক্রেডিট ব্যবস্থা
অনলাইন বা দূরশিক্ষণ ব্যবস্থায় পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা স্প্রিং সেশনে যে লেটার গ্রেড অর্জন করবেন, তাঁদের যেকোনো বা সব গ্রেডকে ক্রেডিট/নন-ক্রেডিট গ্রেডিংয়ে রূপান্তর করতে পারবেন। হোস্টেল ফির ক্ষেত্রেও বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি ফির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি ১৫ সপ্তাহের ক্যালেন্ডারে কলেজগুলোতে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ২৫ শতাংশ হারে এবং ১২ সপ্তাহ বা ৬ সপ্তাহের ক্যালেন্ডারে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের ৫০ শতাংশ হারে ফি ছাড় দেবে বলে জানানো হয়।