করোনা কথার মাধ্যমে যেভাবে ছড়াতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন গবেষণার ফলে মুখে মাস্ক পরার বিষয়টির আরও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে।ছবি: এএফপি
নতুন গবেষণার ফলে মুখে মাস্ক পরার বিষয়টির আরও বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে।ছবি: এএফপি

করোনায় সংক্রমিত ব্যক্তির কথা থেকে আসা জলীয় কণার মাধ্যেম আরেকজনের মধ্যে ভাইরাসটি ছড়াতে পারে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য পেয়েছেন বলে দাবি করেন। গতকাল বুধবার তাঁদের এ গবেষণা–বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়।
আজ বৃহস্পতিবার এএফপির খবরে জানানো হয়, নতুন এক গবেষণায় দেখা গেছে, শব্দ করে কথা বলার সময় মুখ থেকে বের হওয়া অতি ক্ষুদ্র জলীয় কণা বা মাইক্রোড্রপলেটস বদ্ধ স্থানে ১০ মিনিটেরও বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে। অর্থাৎ, কোভিড–১৯ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটি ভূমিকা রাখছে বলে মনে করছেন গবেষকেরা।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিকস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজের (এনআইডিডিকে) একজন গবেষক একটি বদ্ধ বাক্সের কাছে মুখ নিয়ে ২৫ সেকেন্ড ধরে 'স্টে হেলদি' শব্দিটি উচ্চস্বরে উচ্চারণ করেন। বাক্সটিতে লেজার প্রজেক্ট ছিল। ফলে মুখ থেকে বের হওয়া জলীয় কণা সহজেই হিসাব করা গেছে। পরে যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান একাডেমির (পিএনএএস) জার্নালে প্রকাশিত এ সমীক্ষায় দেখা গেছে, সেগুলো গড়ে ১২ মিনিট বাতাসে অবস্থান করে।

লালার মধ্যে করোনাভাইরাসের ঘনত্বকে মাথায় নিয়ে বিজ্ঞানীরা অনুমান করছেন যে, প্রতি মিনিট উচ্চস্বরে কথা বলার ফলে এক হাজারেরও বেশি ভাইরাসযুক্ত জলীয় কণা বের হতে পারে ।একটি বদ্ধ স্থানে তা আট মিনিট বা তার বেশি সময় ধরে বাতাসে ভেসে থাকতে পারে।

গবেষকেরা বলছেন, শব্দ করে কথা বলায় মুখ থেকে নিঃসৃত জলীয় কণার মাধ্যমে ভাইরাস বাতাসে ভেসে লোকজনকে সংক্রমিত করতে পারে। এপ্রিলে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এই গবেষক দলের আরেকি নিবন্ধে বলা হয়, আস্তে কথা বললে মুখ থেকে জলীয় কণা তুলনামূলকভাবেকম বের হয়।
এ বিষয়ে আরও গবেষণা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞনীরা। তাঁরা বলছেন, যদি কথা বলার মাধ্যমে করোনাভাইরাসের সংক্রমণের মাত্রা নিশ্চিত করা যায়, তবে অনেক দেশকে মুখে মাস্ক পরার বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সহজ হবে। এ ছাড়া ভাইরাসের দ্রুত বিস্তারের বিষয়ে ব্যাখ্যা করা সহজ হবে।