করোনা মোকাবিলায় নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি
চীন বা এশিয়া–ইউরোপের কয়েকটি দেশ শুধু নয়, করোনা ভাইরাসের আতঙ্ক দেখা দিয়েছে আমেরিকায়ও। বিশেষ করে ওয়াশিংটন অঙ্গরাজ্যে গতকাল শনিবার (২৯ ফেব্রুয়ারি) এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যুর পর নড়েচড়ে বসেছে এ দেশের কর্তৃপক্ষ। হাসপাতালগুলোকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রস্তুত করে তোলা হচ্ছে।
ওয়াশিংটন রাজ্যের গভর্নর জে ইনস্লি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ‘করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা দুঃখজনক। তবে নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়েছি।’
এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহান শহরে এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়। সেখানেই তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। আমেরিকায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৬৮ জন রোগী শনাক্ত করা হয়েছে।
ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোসহ বেশ কয়েকটি শহরে ইতিমধ্যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কয়েকজনের শরীরে সম্প্রতি করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। কিন্তু এসব মানুষ ইতিমধ্যে করোনায় আক্রান্ত দেশ বা শহরে বেড়াতে যাননি, দেশেই ছিলেন। এরপরও কীভাবে সংক্রমণ ছড়াল, তা নিয়ে তারা চিন্তিত। এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসা এক নারীও করোনায় আক্রান্ত। তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন। করোনায় আক্রান্ত শহরগুলোতে ভ্রমণের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে করোনা ভাইরাস আতঙ্কে আছে নিউইয়র্কের বাসিন্দারাও। এতে কুইন্সের চীনা অধ্যুষিত এলাকা ফ্লাশিং ও ম্যানহাটনের চায়না টাউনে ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। এমনকি চীনা নাগরিক দেখলে ট্যাক্সি ক্যাবচালক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের এড়িয়ে চলছেন। এ কারণে তাঁরা ব্যবসা ও চলাফেরায় বিড়ম্বনার শিকার হচ্ছেন।
ইতিমধ্যে নিউইয়র্কে করোনা ভাইরাস মোকাবিলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতালে ১ হাজার ২০০ বেড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন মেয়র বিল ব্লাজিও। তবে পাবলিক স্কুল বন্ধের কোনো পরিকল্পনা এখনো নেওয়া হয়নি।
এ বিষয়ে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান চিকিৎসক এস সারোয়ার প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে কমবেশি সবাই আতঙ্কে। উহান থেকে এই ভাইরাস আমেরিকায় হানা দিয়েছে—এমনটি নয়। ক্যালিফোর্নিয়ায় যারা এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, তাদের আশপাশের এলাকায় কোনো চীনা নাগরিকের বসবাস নেই বা কেউ কোনো চীনা নাগরিকের সংস্পর্শেও ছিলেন না। ইতালিতেও একই চিত্র।
ডা. সারোয়ার বলেন, জ্বর দিয়ে ভাইরাসের সংক্রমণ শুরু হয়, এরপর শুকনো কাশি দেখা দিতে পারে। প্রায় এক সপ্তাহ পরে শ্বাসকষ্ট শুরু হয়। রোগীদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়। যেহেতু এই ভাইরাসের উৎস এখনো অজানা, তাই এ বিষয়ে কিছু বলা যাবে না।
বাংলাদেশি বহুল কুইন্সের জ্যামাইকা হাসপাতাল ব্যবস্থাপনা কর্মকর্তা ইশতেহাক চৌধুরী বলেন, তাদের হাসপাতাল ছাড়াও নগরের প্রতিটি হাসপাতালে করোনা ভাইরাস মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। হাসপাতালে আসা প্রত্যেক সেবাগ্রহীতাকে বিশেষ নজর রাখা হচ্ছে।
গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। বর্তমানে ৫৬টি দেশ ও অঞ্চলের প্রায় ৮৭ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত। এর মধ্যে প্রায় ২ হাজার ৯৭৮ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের বেশির ভাগ চীনের নাগরিক।