করোনা শনাক্ত ২০০-এর নিচে নামল, মৃত্যু ৩
দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। মারা গেছেন তিনজন।
প্রায় তিন মাস পরে এক দিনে করোনা শনাক্ত ২০০-এর নিচে নামল। এর আগে এক দিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৮ ডিসেম্বর। ওই দিন করোনা শনাক্ত হয়েছিল ১২২ জনের।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্ত ১ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন ১৩ হাজার ৮০১ জনের নমুনা পরীক্ষা হয়েছিল। তখন শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৬। ওই দিন শনাক্ত হয়েছিল ২৫৭ জন। আর মৃত্যু হয়েছিল পাঁচজনের।
সর্বশেষ ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই পুরুষ।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।
সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ।