করোনাকালীন প্রণোদনা অনেকেই পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকা সরকার ঘোষিত করোনাকালীন প্রণোদনা এখনো হাতে পাননি ক্যাথরিন হোয়াইট ও তাঁর পরিবারের সদস্যদের মতো আরও অনেকেই। ছবি: সংগৃহীত
আমেরিকা সরকার ঘোষিত করোনাকালীন প্রণোদনা এখনো হাতে পাননি ক্যাথরিন হোয়াইট ও তাঁর পরিবারের সদস্যদের মতো আরও অনেকেই। ছবি: সংগৃহীত

করোনাভাইরাস মহামারির কারণে আমেরিকায় নাগরিক সহযোগিতার অনুদান বা সম্ভাব্য অর্থনৈতিক সংকট উত্তরণে সরকার ঘোষিত প্রণোদনা এখনো অনেকেই পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।

৬২ বছর বয়সী ক্যাথরিন হোয়াইট এই অনুদান না পাওয়াদের মধ্যে একজন। তিনি লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে থাকেন। নিউইয়র্ক সিটির পাবলিক মিডল স্কুলে ১৪ বছর ধরে শিক্ষকতা করছেন ক্যাথরিন। তিনি প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, বরাবরের মতোই তিনি ২০১৮ ও ১৯ সালে সময়মতো ট্যাক্স ফাইল করেছিলেন। কিন্তু এরপরও তিনি দুর্যোগকালীন অনুদান হাতে পাননি।

ক্যাথরিন আরও বলেন, তাঁর পরিবারের আরও দুজন এই প্রণোদনা হাতে পাননি। তাঁর ৪২ বছর বয়সী মেয়ে তামারা ও ৩২ বছর বয়সী ছেলে ফিলিপ এখনো সরকার ঘোষিত প্রণোদনা হাতে পাননি বলে জানান তিনি।

দুই বছর আগে ক্যাথরিনের স্বামীর মৃত্যু হয়েছে। বর্তমানে তিনি দুই মেয়ে, এক ছেলে ও চার নাতি-নাতনি নিয়ে যৌথ পরিবারে বাস করেন। ক্যাথরিন অভিযোগ করে বলেন, এই করোনাকালে স্টিমুলাস চেক এখনো কেন হাতে পাননি, তা জানতে বহুবার ফোন করেছিলেন সংশ্লিষ্টদের কাছে। কিন্তু যোগাযোগ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছে ক্যাথরিন ও তাঁর পরিবার।