করোনাকালে অনুকরণীয় এক দম্পতির কাহিনি
করোনাভাইরাস সারা বিশ্বের স্বাস্থ্য খাতের দুর্বল ব্যবস্থা খুব নির্মমভাবে প্রকাশ করেছে। এত দিন পর্যন্ত যা ছিল শুধু উন্নয়নশীল আর দরিদ্র দেশগুলোর কথা, তাই এখন আওড়াতে বাধ্য হচ্ছে উন্নত দেশগুলোও। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট এখন সব দেশে। কোনো দেশই যার যার অবস্থান থেকে ঠিকঠাক চিকিৎসাসেবা দিতে পারছে না।
স্কটল্যান্ডও এর বাইরে নয়। সেখানে করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য খাতের অবস্থা বেশ নাজুক। সেখানের জাতীয় স্বাস্থ্যসেবার (এনএইচএস) কর্মীরা এবং ফ্রন্টলাইন ওয়ার্কার্স বা সম্মুখভাগের কর্মীরা ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) নানা সংকটের মধ্যেই কাজ করছেন। আর এই সংকটে তাঁদের পাশে এসে দাঁড়িয়েছেন জাওয়াদ-আসিয়া দম্পতি।
স্কটল্যান্ডের ফলকার্কে এই দম্পতির বিভিন্ন পণ্য বিক্রির দোকানের সামনে সকাল নয়টা বাজার আগেই এনএইচএস এবং ফ্রন্টলাইন কর্মীদের ভিড় লেগে যায়। কারণ এখান থেকে তাঁরা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজারের মতো এ সময়ের অতিজরুরি জিনিসগুলো বিনা মূল্যে পান। আল-জাজিরার ওয়েবসাইটে এক প্রতিবেদনে উঠে এসেছে এই পরোপকারী জাওয়াদ-আসিয়া দম্পতির কথা।
এ বিষয়ে আসিয়ার বক্তব্য, ‘মাস্ক বিক্রির পরিবর্তে আমি তা এনএইচএস কর্মীদের বিনা মূল্যে দেওয়ার চিন্তা করলাম। কারণ, এটা তাঁদেরই বেশি প্রয়োজন। তাঁরা দাম দিতে চেয়েছিলেন, কারণ এগুলোর সংকট রয়েছে। কিন্তু আমি তাঁদের বললাম, দাম দিতে হবে না। কারণ, তাঁরা দারুণ কাজ করছেন। আমরা তাঁদের কাছ থেকে অর্থ নিতে পারি না।’
এই দম্পতি শুধু স্বাস্থ্যকর্মীদেরই সহায়তা করছেন না, বয়স্ক ও শিশুদের পাশে এগিয়ে এসেছেন। করোনাভাইরাস পরিস্থিতিতে মার্চে লকডাউনে কড়াকড়ি আরোপ হয়। আসিয়া একদিন দেখতে পান, বয়স্ক একজন নারী সুপার মার্কেটের সামনে দাঁড়িয়ে কাঁদছেন। কিছু কেনার মতো সামর্থ্য নেই তাঁর। ওই সময়ই এই দম্পতি সিদ্ধান্ত নেন, তাঁদের জমানো অর্থ থেকে পাঁচ হাজার পাউন্ড দিয়ে মাস্ক, হ্যান্ডওয়াশসহ একটি প্যাকেজ বিনা মূল্যে দেবেন। গত চার সপ্তাহে তাঁরা তিন হাজার মাস্ক বিতরণ করেছেন এবং এক হাজারের বেশি খাবার প্যাকেট বিতরণ করেছেন দুস্থদের মধ্যে।
ইনস্টিটিউট অব এমপ্লয়মেন্ট স্টাডিজের তথ্য অনুসারে, করোনাভাইরাস সংকটের প্রথম মাসেই যুক্তরাজ্যে ১৫ থেকে ২০ লাখ মানুষ কাজ হারিয়েছে। আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও অনেক বাড়বে। আরও অনেক মানুষ দরিদ্র হবে।
এই পরিস্থিতিতে আসিয়ার ক্রেতাদের অনেকে পরিবারের জন্য খাবার কিনতে হিমশিম খাচ্ছেন। জাওয়াদ বললেন, ‘করোনাভাইরাসের কারণে অনেক লোকের বেতন পেতেই কষ্ট হচ্ছে। আমরা ভাবলাম, কেন কিছু মানুষ অভুক্ত অবস্থায় ঘুমাবে, যেখানে আমরা খাচ্ছি? আমরা ফেসবুকে ঘোষণা দিলাম, আমরা বিনা মূল্যে খাবার দেব। এখন পর্যন্ত আমরা ২০০ থেকে ৩০০ ফোন কল পেয়েছি।’ ইস্টার সপ্তাহে ঘরবন্দী শিশুদের জন্য এই দম্পতি শত শত ইস্টার এগ সরবরাহ করেছেন।
ওই এলাকায় ৫৪ বছর ধরে বসবাস করছেন উইলিয়াম ওয়েলশ (৭৩)। জাওয়াদ-আসিয়া মুসলিম হওয়ায় তাঁদের দেখে উইলিয়াম শুভেচ্ছা বিনিময় করলেন ‘আসসালামু আলাইকুম’ বলে। তাঁর হাতে হ্যান্ড স্যানিটাইজার, বাগানের জন্য জীবাণুনাশক ওয়াইপস তুলে দিলেন দম্পতি। উইলিয়াম বলেন, ‘অনেক লোকজন এখন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। কারণ, পরিস্থিতি এখন বাড়ি বাড়ি আঘাত করছে।’ জাওয়াদের প্রশংসা করে তিনি বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে তিনি যা করছেন, তা ভোলার নয়। বিশেষ করে বয়স্ক মানুষের জন্য।’
লকডাউন উঠে যাওয়ার পরও সহায়তা অব্যাহত রাখবেন বলে জানালেন জাওয়াদ-আসিয়া দম্পতি। আসিয়া বলেন, ‘আমরা থাকতে এখানে স্থানীয় লোকজনকে কখনো কষ্ট করতে দেব না। তাঁরা আসবেন এবং যা প্রয়োজন আমাদের জানাবেন। এমনকি করোনাভাইরাসের পরও।’