ল্যানসেটের প্রবন্ধ
করোনাকালে দেশে বাড়তি মৃত্যু ৪ লাখ
করোনা মহামারিতে অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। করোনার প্রভাব মৃত্যুর প্রবণতায় পরিবর্তন এনেছে।
করোনাকালে বিশ্বে বাড়তি মৃত্যু ১ কোটি ২৩ লাখ।
বাড়তি মৃত্যু বেশি ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ব্রাজিল, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে।
করোনায় মৃত্যু হচ্ছে। আবার করোনার প্রভাবে অন্য রোগেও মৃত্যু বেড়েছে। একটি আন্তর্জাতিক গবেষক দল বলছে, করোনাকালে ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশে বাড়তি ৪ লাখ ১৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাড়তি মৃত্যুর এই অনুমিত সংখ্যা প্রকাশ করেছে চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট।
যুক্তরাষ্ট্রের সিয়াটলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভাল্যুয়েশনের নেতৃত্বে একদল গবেষক মহামারিকালে বৈশ্বিক মৃত্যু পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। তাঁরা বলছেন, করোনায় আক্রান্ত হয়ে যে মৃত্যুর তথ্য পাওয়া যায়, বাস্তবে মহামারির প্রভাবে মৃত্যু তার চেয়ে অনেক বেশি। গবেষকেরা বলছেন, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা বিশ্বে ৫৯ লাখ ৪০ হাজার মানুষের করোনায় মৃত্যু হয়। এ সময় করোনার কারণে সারা বিশ্বে ১ কোটি ২৩ লাখ মানুষের বাড়তি মৃত্যু হয়েছে। ল্যানসেট ১০ মার্চ গবেষকদের এই বিশ্লেষণ প্রবন্ধ আকারে প্রকাশ করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, বাংলাদেশে বছরে ৮ লাখ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সেই হিসাবে দুই বছরে ১৭ লাখ ২০ হাজারের মানুষের মৃত্যু হওয়ার কথা। ল্যানসেট–এর ওই বিশ্লেষণ বলছে, ওই দুই বছরে করোনায় ২৮ হাজার ১০০ জনের মৃত্যু ছাড়াও আরও বাড়তি মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার মানুষের।
৭৪টি দেশ ও অঞ্চল এবং বিভিন্ন দেশের ২৬৬টি প্রদেশে করোনাকালের এবং তার আগের ১১ বছরের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করেছেন গবেষকেরা। বিভিন্ন রোগব্যাধি ও জখমে বিশ্বে মৃত্যুর যে প্রবণতা ছিল, মহামারি শুরুর পর তাতে কী পরিবর্তন এসেছে, তা গবেষকেরা তুলে ধরার চেষ্টা করেছেন। এই বিশ্লেষণে তাঁরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য গাণিতিক মডেল ব্যবহার করেছেন।
গবেষকেরা বলছেন, জনস্বাস্থ্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মহামারিতে মৃত্যুর প্রকৃত প্রভাব অনুধাবন করা দরকার। কিন্তু অনেক দেশের সঠিক জন্মনিবন্ধন হয় না। অধিকাংশ দেশ মৃত্যুর নিবন্ধনও ঠিকভাবে করে না। এসব সমস্যা ছাড়াও কিছু সীমাবদ্ধতার কথা গবেষকেরা স্বীকার করেছেন। অনেক দেশে সব মৃত্যুর পেছনের কারণের উপাত্ত নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কারণ উল্লেখ করে মৃত্যু নিবন্ধনের সঠিক পদ্ধতি বাংলাদেশে অনুসরণ করা হয় না।
করোনা সংক্রমণের শুরু থেকে দেশে রোগ শনাক্ত, মানুষকে করোনাবিষয়ক তথ্য দেওয়াসহ মহামারি পরিস্থিতি বিশ্লেষণের কাজে যুক্ত আছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন প্রথম আলোকে বলেন, করোনাকালে মানুষ সেবাকেন্দ্রে যেতে পারেনি, অনেকে সেবা নেওয়া থেকে দূরে থেকেছে। এ ধরনের বেশ কিছু কারণে মৃত্যু বেড়েছে। তবে এর সঠিক সংখ্যা এখন বলা সম্ভব না।
গবেষকেরা বলছেন, লকডাউন এবং অর্থনৈতিক বিপর্যয় ও বিশৃঙ্খলা মৃত্যুর কারণে পরিবর্তন এনে থাকতে পারে। স্বাস্থ্যসেবা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু রোগে মৃত্যু বেড়েছে, সুস্থতাও বিলম্বিত হয়েছে। এ সময়ে টিকাদানব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়িতে সন্তান প্রসব বেড়েছে। এ সময় মানুষের মধ্যে উদ্বেগ ও বিষণ্নতা বেড়ে যাওয়ায় আত্মহত্যার প্রবণতা বেড়েছে। মহামারির শুরুর দিকে যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়েছিল। অনেক স্থানে হৃদ্রোগ ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ বেড়েছে। এসবই অতিরিক্ত মৃত্যুর কারণ।
বাংলাদেশ জনবহুল দেশ। দেশের স্বাস্থ্য অবকাঠামো ও জনবল মহামারি মোকাবিলার জন্য যথেষ্ট শক্তিশালী নয়, প্রস্তুতিরও ঘাটতি ছিল। মহামারির শুরুর দিকে কেউ কেউ ধারণা করেছিলেন, মহামারিতে আক্রান্ত হয়ে অনেক মানুষ মারা যাবে। কিন্তু পরিস্থিতি তুলনামূলকভাবে ততটা খারাপ হয়নি।
অনেকে মনে করেন, সরকার মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করে করোনায় মৃত্যুর প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। করোনার উপসর্গ নিয়ে অনেকের মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর আগে পরীক্ষা হয়নি বলে সেটা করোনায় মৃত্যু হিসেবে সরকারি খাতায় ওঠে না। বাড়তি কত মৃত্যু হয়েছে, তা নিয়ে একাধিক গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে সেসব গবেষণার ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। জনসংখ্যা নিয়ে কাজ করেন এমন একজন গবেষক প্রথম আলোকে বলেছেন, ল্যানসেট বাড়তি মৃত্যুর যে অনুমিত সংখ্যা বলেছে প্রকৃত সংখ্যাটি হয়তো তার কাছাকাছি হবে। মাতৃ ও শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন একজন গবেষক বলেছেন, বাড়তি মৃত্যু হয়েছে ২০ শতাংশের মতো। সেই হিসাবে বাড়তি মৃত্যুর অনুমিত সংখ্যা হবে সাড়ে তিন লাখের কাছাকাছি।