
করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে যুক্তরাজ্যের অনেকের ব্যবসা ও আয় বন্ধ হয়ে গেছে। কিন্তু এসব ব্যবসায়ী–উদ্যোক্তা লকডাউন তুলে নেওয়ার অপেক্ষায় বা ঋণের আশায় হাত গুটিয়ে বসে নেই। এর বদলে তাঁরা তাঁদের কমিউনিটির মধ্যে দান ও সেবার প্রত্যয়ে এগিয়ে এসেছেন।
বর্তমান পরিস্থিতিতে যাঁর যা কিছু আছে, তা দিয়েই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেবা দিতে শুরু করেছেন। কেউ বিনা পয়সায় বাসাবাড়িতে দরকারি পণ্য পৌঁছে দিচ্ছে, যেসব রেস্তোরাঁয় বিক্রি বন্ধ তারা বিনা পয়সায় অভুক্তদের খাবার দিচ্ছে, পরামর্শদাতারা ব্যবসায়ীদের জন্য বিনা খরচে প্রশিক্ষণ এবং প্ল্যাটফর্ম সরবরাহ করছে; বড় ব্র্যান্ডগুলো কর্মীদের নিরাপদে যাতায়াত, খাওয়া বা ঘুমের ব্যবস্থা করছে। করপোরেট খাতের নায়ক কারা এমন প্রশ্ন দিয়ে পাঠকদের কাছে হাজির হয়েছিল যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান। এতে পাঠকের অভূতপূর্ব সাড়া পেয়েছে তারা।
গ্লাসেস ডিরেক্ট নামের একটি প্রতিষ্ঠান যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস কর্মীদের জন্য ৪ হাজার প্রেসক্রিপশন গ্লাস দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নি স্ট্রিটিং বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী, অনেক চশমার দোকান এখন বন্ধ। এখন চিকিৎসকদের চশমা কেনার সময় নেই। আমাদের চেষ্টায় তাঁদের কষ্ট কিছুটা কমাবে।
ইলেকট্রিক বাইক বিক্রেতা ফুলি চার্জড মনে করছেন, হাসপাতাল কর্মীদের নিরাপত্তার দিক বিবেচনায় পরিবহনব্যবস্থা এখন এড়ানো উচিত। তাঁরা তিন মাসের জন্য বিনা মূল্যে ই-বাইক ব্যবহারের সুযোগ দিচ্ছেন।
ব্রাইটন ও ব্রিস্টলে বিনা মূল্যে গাড়িসেবা নিয়ে হাজির কার অ্যান্ড অ্যাওয়ে। তারা কার শেয়ার নামের একটি সেবা চালু করেছে, যাতে চালকদের লকডাউনে বন্ধ থাকা গাড়ি দাতব্য কাজে ব্যবহার করতে দেওয়ার সুযোগ রয়েছে। গাড়ি ফেরত দেওয়ার আগে তা পরীক্ষা ও পরিষ্কার করে দিতে হবে। ইনস্যুরেন্স ও অন্যান্য সহযোগিতা দেবে কিউবিই ইনস্যুরেন্স গ্রুপ ও আরএসি।
লন্ডনে ক্লান্তিকর যাত্রাপথে এনএইচএস কর্মীরা কেমডেনে বিনা মূল্যে অস্থায়ী বাড়িতে থাকতে পারবেন। এলএবিএস কালেকটিভ তাদের অ্যাপার্টমেন্টে থাকার জায়গা দিচ্ছে। তাদের অনুষ্ঠান আয়োজনের জায়গাটি জরুরি সেবা দিতে ২৪ ঘণ্টার কমনরুম হিসেবে ব্যবহারের জন্যও দিচ্ছে। এ ছাড়া প্রতিষ্ঠানের কর্মীদের কমিউনিটি কাজের জন্য বেতনসহ ছুটি দিয়েছে প্রতিষ্ঠানটি। এলএবিএসরে প্রধান নির্বাহী কর্মকর্তা ডোটান ওয়েনার বলেন, ‘একটি ব্যবসা হিসেবে আমরা কীভাবে ভালো পরিবেশ সরবরাহ করি, সে সম্পর্কে কথা বলি এবং এখন আমাদের সত্যিকার অর্থে এটি সরবরাহ করার সুযোগ।’
একদল ব্যবসায়ী মিলে চালু করছেন ফান্ড রাইজিং প্ল্যাটফর্ম মিলস ফর দ্য এনএইচএস। এখান থেকে সংগৃহীত অর্থ হাসপাতালের জন্য খাবার সরবরাহকারী রেস্তোরাঁগুলোকে দেওয়া হবে, যাতে তারা খাদ্যসামগ্রী কিনতে পারে। এ ফান্ড থেকে লন্ডনের হুইটিংটন হাসপাতালের ১৫০ কর্মীকে দুই দিন খাওয়ানো হয়েছে। আরও ৩০টি হাসপাতালের জন্য খাবারের ব্যবস্থা করার উদ্যোগ চলছে।
ফুডফরহিরোজ নামের উদ্যোগের অধীনে হাসপাতালের কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এটি তহবিল সংগ্রহের প্রথম সপ্তাহে ৩৯ হাজার পাউন্ড সংগ্রহ করেছে এবং রেস্তোরাঁ ও খাবার সরবরাহকারীদের তালিকা করে হাসপাতালে খাবার সরবরাহ করছে। ফসটার্স ইভেন্টস ক্যাটারিংয়ের পক্ষ থেকে ব্রিস্টলের সাউথমেড হাসপাতালে ৩০০ জনের খাবার সরবরাহ করা হয়েছে।
স্বেচ্ছাসেবী কমিউনিটি গ্রুপের নেটওয়ার্ক স্ক্র্যাব হাব এনএইচএস কর্মীদের জন্য ইউনিফর্ম সেলাইয়ের কাজ করছে। মেক টাউন নামের একটি প্রতিষ্ঠান তাদের সহযোগিতা করছে।
টোস্ট এল নামের লন্ডনভিত্তিক বিয়ার কোম্পানিও সাহায্যের জন্য এগিয়ে এসেছে। সারের অ্যাস্টেডডের জুস বার রাই ক্যাফে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর সত্তরোর্ধ্ব আইসোলেশনে থাকা ব্যক্তিদের খাবার দিচ্ছে। প্রতি রাতে অন্তত ১০ জন তার কাছ থেকে খাবার পাচ্ছেন। নর্থ ইয়র্কশায়ারের কার্ডামম ব্ল্যাক নামের একটি প্রতিষ্ঠান গৃহহীন ও ঝুঁকিপূর্ণ মানুষদের খাবার দিচ্ছে। এনএইচএস কর্মীদের জন্য দিচ্ছে ছাড়। র্যাংরেজ নামের পাঞ্জাবি রেস্তোরাঁ থেকেও স্থানীয়দের ও হাসপাতালের কর্মীদের প্রয়োজনে বিনা মূল্য খাবার দেওয়া হচ্ছে। ল্যাঙ্কারশায়ারে ডেইরি ব্র্যান্ড ক্রিস্টিস ৭ হাজার রেডি মিল দিচ্ছে।
যুক্তরাজ্যে মোবাইল সেবাদাতারাও এগিয়ে এসেছে। ভোডাফোন, ইই, ওটু, থ্রি ও বিটি যৌথভাবে মোবাইল গ্রাহকদের জন্য ব্যবহার অনুযায়ী অর্থ পরিশোধ এবং এনএইচএস সাইটে যাওয়ার খরচ বাদ দিয়েছে।
৬৫ ওপরে যাঁদের বয়স, তাঁদের এবং এনএইচএস কর্মীদের জন্য অনলাইনে বিনা মূল্য ফিজিওথেরাপি সেশন চালু করেছে অ্যাসেন্টি নামের একটি প্রতিষ্ঠান। এর প্রধান নির্বাহী স্টেফানি ডবরিকোভা বলেন, যাঁরা ঘরের ভেতর থাকছেন এবং নড়াচড়া কম করছেন তাঁদের স্বাস্থ্য খারাপ হতে পারে। বয়স্কদের ক্ষেত্রে বেশি প্রভাব ফেলতে পারে বলে তাঁদের সহযোগিতায় কিছু করতে চেষ্টা করছি।
সলিসিটার জোডি হিল ভেঙে পড়া অর্থনীতির ফলে বিপর্যস্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য তাঁর বেতন দান করেছেন। তাঁর কোম্পানি থ্রাইভ ল বিনা মূল্যের হেল্পলাইন স্থাপন করেছে, যাতে অনেকেই আইনি সাহায্য নিতে পারেন। জোডি বলেন, আইনি পরামর্শের খরচ বহন করতে পারে না—এমন লোকদের পাশে দাঁড়াচ্ছে তাঁর প্রতিষ্ঠান।