করোনাভাইরাস থেকে বাঁচতে যা করতে হবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীজুড়ে প্রায় এক লাখ মানুষ এখন করোনাভাইরাসে আক্রান্ত। মৃত্যু হয়েছে ৩ হাজার ২০০ জনের বেশি মানুষের। ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ায় নিউইয়র্কসহ পৃথিবীর মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট অভিবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচার শুরু করেছেন। তারা কিছু বিষয় মেনে চলারও পরামর্শ দিয়েছেন। পাশাপাশি আমেরিকার স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান করোনাভাইরাসসহ বিভিন্ন ফ্লু থেকে বাঁচতে কিছু পরামর্শ দিয়েছে। সুতরাং আতঙ্কিত না হয়ে এসব পরামর্শ মেনে চলাই সবার জন্য উত্তম।

প্রথমত, মাত্রাতিরিক্ত চিন্তা না করা। বরং ভাইরাসটি সম্পর্কে জানুন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, শুধু নিয়মিত হাত-মুখ ধুলে এই ভাইরাসের আক্রমণ হতে রক্ষা পাওয়া যায়।
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের সূত্রে জানা যায়, ২০১৯ সালের অক্টোবর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমেরিকায় কমপক্ষে ১২ হাজার মানুষ সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায়। গত বছর এ দেশে মোট ৩৪ হাজার ২০০ জন সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায়। তাহলে ভেবে দেখা যাক, আসলে করোনাভাইরাস নিয়ে মাত্রাতিরিক্ত চিন্তার কারণ আছে?
পরিকল্পনা করুন ও নিয়ন্ত্রিত জীবনযাপন করুন। পরিকল্পনা করুন, করোনাভাইরাসে আক্রান্ত হলে আপনি কী কী করবেন। স্কুল বন্ধ হলে সন্তানদের কীভাবে সময় দেবেন সেটা ভাবুন। ভাবুন—বাস বা ট্রেনে না উঠে কীভাবে অন্য উপায়ে কর্মক্ষেত্রে যেতে পারেন, লোক সমাগম এড়িয়ে চলুন এবং বিয়ের বা জন্মদিনের অনুষ্ঠানে যত পারবেন কম যান। এখানে পরিকল্পনার মূল উদ্দশ্যে হচ্ছে—আপনি যেন বলতে পারেন যাই ঘটুক না কেন, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটি করেছেন।
সোশ্যাল মিডিয়ার তথ্য এড়িয়ে চলুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই নিজেকে সব বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে জাহির করার চেষ্টা করে। কিন্তু প্রকৃতপক্ষে এরা কিছুই জানে না। আপনার কোন ডাক্তার বন্ধু বা আত্মীয় থাকলে তার কাছে থেকে এই ভাইরাস সম্পর্কে জানার চেষ্টা করুন।
পর্যাপ্ত বিশ্রাম নিন। নতুন করোনাভাইরাস সম্পর্কে এখনো অনেক কিছু শেখার আছে। তবে গবেষণায় দেখা গেছে, সুস্থ-বিশ্রাম নেওয়া লোকেরা ভালোভাবে ভাইরাস প্রতিরোধে করতে পারে।
ব্যায়াম করুন ও ভালো খাবার খান। গবেষণায় দেখা গেছে, প্রতিদিনের অনুশীলন মনে ভালো অনুভূতি সৃষ্টি করতে সহায়তা করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। কেবল হাঁটাচলায় শরীরের অনেক দীর্ঘস্থায়ী অবস্থার ঝুঁকি হ্রাস হয়। সুতরাং মন প্রফুল্ল রাখতে ও সুন্দর জীবনযাপনে নিয়মিত অনুশীলন ও পুষ্টিকর খাবার খান।
প্রাণীর সংস্পর্শে আসার বিষয়ে সতর্ক থাকুন। বিশেষ করে প্রাণীর মার্কেট বা মাংস বা মাংসজাত দ্রব্য কেনার সময় সতর্ক থাকুন।
দিনে সময়ে সময়ে হাত ধোয়ার অভ্যাস করুন। অন্তত ২০ সেকেন্ড পানি দিয়ে হাত ধুতে হবে। সাবান বা পানি না পেলে অ্যালকোহলজাত স্যানিটাইজার দিয়ে হাত ধৌত করুন।
জ্বর, কফ বা শ্বাসকষ্ট না থাকলে দৈনন্দিন কাজ চালিয়ে যান। তবে খেয়াল রাখবেন, যখনই এসব লক্ষণ শরীরে দেখা দেবে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
খুব জরুরি না হলে দেশের ভেতরে বা বাইরে ভ্রমণ থেকে বিরত থাকুন। ব্যক্তিগত ভ্রমণ ও কর্মকাণ্ড সর্ম্পকে স্থানীয় গণমাধ্যম ও নানা তথ্যসূত্র থেকে নিজেকে হালনাগাদ রাখার বিষয়ে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিনদের বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
করোনা আক্রান্ত কোন দেশ থেকে কেউ আমেরিকায় আসলে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোয়ারেনটাইনে অন্তত ১৪ দিন থাকুন।
কোনো বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন জরুরি প্রয়োজনে নিউইয়র্ক কনস্যুলেটের ‍+১ ২১২ ৫৯৯ ৬৭৬৭ এক্স: ১০১০, মোবাইল: ‍+১ ৬৪৬ ৬৪৫ ৭২৪২ এই নম্বরে অথবা [email protected] এই ইমেইলে যোগাযোগ করতে পারেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ: ‍+১ ২০২ ৭৪০ ৬৩০৫, ‍+১ ২০২ ২৪৪ ০১৮৩ নম্বরে অথবা ইমেইল [email protected]।