করোনাভাইরাস নিয়ে যেভাবে মাতামাতি করছে গণমাধ্যম

করোনাভাইরাস বিশ্বজুড়ে এখন আলোচিত। এ নিয়ে উদ্বেগ থাকায় মানুষ নির্ভরযোগ্য তথ্য খুঁজছে বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টিকে কাজে লাগাচ্ছে বড় বড় সংবাদপত্রগুলো। তারা করোনাভাইরাস নিয়ে বের করছে নিউজলেটার, প্রচার করছে পডকাস্ট। এগুলো জনপ্রিয়ও হচ্ছে।
হার্ভার্ডভিত্তিক নিম্যান ল্যাব ওআরজির প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএনের মতো সংবাদমাধ্যমগুলো এ স্রোতে গা ভাসিয়েছে। পাঠককে টেনে আনতে করোনাভাইরাস বিষয়টিকে কাজে লাগাচ্ছে তারা। বিনা মূল্যেই তৈরি করছে আকর্ষণীয় নিউজলেটার। কেউ যদি করোনাভাইরাস নিয়ে বেশি জানতে চান এবং এর প্রভাব সম্পর্কে জানার অতি আগ্রহ থাকে, তবে বিনা মূল্যেই এসব নিউজলেটার পড়তে পারবেন। নিউজলেটারের সংখ্যা এত বেশি যে এ নিয়ে টুইটারে কৌতুকও ছড়িয়েছে।
নিম্যান ল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১০০ টিরও বেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় নিউইয়র্ক টাইম, ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনএনের মতো বড় বড় সংবাদমাধ্যমগুলো তাদের কর্মীদের ভ্রমণে কড়াকড়ি করেছে। দ্য ডেইলি বিস্টের ম্যাক্সওয়েল তানির করা এক প্রতিবেদনে উঠে এসেছে নিউজরুমগুলোতে করোনাভাইরাস প্রতিরোধে অনন্য কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিজনেস ইনসাইডারের প্রধান নির্বাহী কর্মকর্তা হেনরি ব্লডগেট গত সপ্তাহে কর্মীদের কাছে একটি ইমেইল পাঠিয়ে হাত মেলানো বন্ধ করতে বলেছেন। এর পরিবর্তে অতিথিদের সঙ্গে সাক্ষাতে কনুই দিয়ে কনুই স্পর্শ করা বা পায়ের সঙ্গে পা মেলাতে বলেছেন। তবে করোনাভাইরাস নিয়ে এত সতর্ক থাকলেও নিউজরুম থেকে পপ-আপ নিউজ সেবা চালু করতে কেউ পিছিয়ে নেই। অনেকেই এখন করোনাভাইরাস নিউজলেটার নিয়ে কৌতুক করে বলছেন, করোনাভাইরাস নিয়ে বের করা নিউজলেটারগুলো নিয়ে একটি নিউজলেটার করা যায়।
সিএনএন ‘করোনাভাইরাস: ফ্যাক্ট ভার্সেস ফিকশন’ নামের বিনা মূল্যের একটি দৈনিক পডকাস্ট চালু করেছে। সিএনএনের প্রধান মেডিকেল প্রতিনিধি সঞ্জয় গুপ্ত প্রথম পর্বেই করোনাভাইরাস নিয়ে সাধারণ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। কোয়ার্টজ বের করেছে ‘করোনাভাইরাস: নিড টু নো’ নামের বিনা মূল্যের নিউজলেটার। বাজফিড নিউজ বের করেছেন দ্য করোনাভাইরাস নিউজলেটার।
জরিপ বিশেষজ্ঞ মর্নিং কনসাল্ট এখন করোনাভাইরাস নিয়ে নিয়মিত তাদের তথ্য হালনাগাদ করছে। থ্রি আনক্যানি ফোর স্টুডিও থেকে এসেছে ‘ভাইরাল: করোনাভাইরাস’ নামের প্রিমিয়ার শো, ওয়াশিংটন পোস্ট বের করেছে ‘টু ইয়োর হেলথ: করোনাভাইরাস’ নামের নিউজলেটার। নিউইয়র্ক টাইমসের বের করা ‘করোনাভাইরাস ব্রিফিং’ নামের নিউজলেটারে দৈনিক করোনাভাইরাস নিয়ে কী হচ্ছে তার হালনাগাদ তথ্য এবং করণীয় প্রকাশ করা। এ ছাড়া প্রতিদিন সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে সেখানে। ইউএসএ টুডে বের করে ‘করোনাভাইরাস ওয়াচ’ নামের নিউজলেটার যাতে পাঠকের প্রশ্নের উত্তর দেওয়া হয়। এর বাইরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পত্রিকা ডালাস মনিং নিউজ নিউজলেটারে ব্রেকিং নিউজ দিচ্ছে।
করোনাভাইরাস নিয়ে নিউজলেটার প্রকাশ বা খবর প্রকাশের আগে যথেষ্ট সাবধান থাকার পরামর্শ দিচ্ছে এশিয়ান আমেরিকান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এএজেএ ন্যাশনাল)। সংস্থাটি বলছে, মানুষের উদ্বেগের বিষয় করোনাভাইরাস নিয়ে প্রতিবেদন প্রকাশের আগে শব্দচয়ন, বিষয়বস্তু ও ছবি নির্বাচনে সাবধান থাকতে হবে।