করোনামুক্ত না হলে রোগীকে নার্সিং হোমে পাঠানো যাবে না

নিউইয়র্কে কোন করোনা সংক্রমিত রোগীকে এখন থেকে সম্পূর্ণ ভাইরাসমুক্ত না হওয়া পর্যন্ত নার্সিং হোমে ফেরত পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এ নিয়ম ঐচ্ছিক নয়, বাধ্যতামূলক উল্লেখ করে কুমো বলেন, নির্দেশ লঙ্ঘনকারীদের লাইসেন্স বাতিল করা হবে। নিউইয়র্কে নার্সিং হোমে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ব্যাপক মৃত্যুর পর এই সদ্ধান্ত নেওয়া হয়েছে। নার্সিং হোম কোনো রোগীর সেবা না দিতে পারলে বিকল্প হাসপাতাল বা সেবাকেন্দ্রের সুবিধা নিতে পারে বলেও তিনি জানান।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মোট মৃত্যুর মধ্যে ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে নার্সিং হোম ও সেবাকেন্দ্রে। এর মধ্যে নিউইয়র্কেই ৫ হাজার ৩০০ জনের মৃত্যু হয়েছে। সেবাকেন্দ্র ও নার্সিং হোমের তত্ত্বাবধানে এত সংখ্যক মানুষের মৃত্যু নিয়ে গত কয়েক সপ্তাহ থেকে নানা মহল থেকে কড়া সমালোচনার ঝড় উঠেছে।
এদিকে ১০ মে নিউইয়র্কে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। যদিও যুক্তরাষ্ট্রজুড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ১০ মে এ তালিকায় নিউইয়র্কে আরও ২০৭ জনের নাম যুক্ত হয়েছে। মার্চের শুরুতে হাসপাতালে করোনা সংক্রমিত রোগীর ভর্তির সংখ্যা যে পর্যায়ে ছিল, এখন অনেকটা কমে এসেছে বলে জানিয়েছেন নিউইয়র্ক রাজ্য গভর্নর। নিউইয়র্কে ১০ মে পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ১২২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
নিউইয়র্কে করোনায় সংক্রমিত হয়ে নিউইয়র্কে এ কে এম ফজলুল হক নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় সংক্রমিত হয়ে আমেরিকায় এ পর্যন্ত ২৫১ জন বাংলাদেশির মৃত্যু হলো।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, রাজ্যের কোনো কোনো এলাকা ১৫ মের পর ধাপে ধাপে খুলে দেওয়া হতে পারে। তবে ধাপে ধাপে কীভাবে হবে, তা নিয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।