করোনার উপসর্গে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দেশে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে, ৭৪১ জন। আর সবচেয়ে কম মারা গেছেন ময়মনসিংহ বিভাগে, ৬৪ জন। করোনার উপসর্গ নিয়ে দেশে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ, এপ্রিল ও মে মাসের শুরুতে দেশে মৃত্যু বেড়েছিল। পরে অবশ্য মৃত্যু কমেছে। গত ১৩ মে থেকে ২৫ মে পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে কেউ মারা যাননি। বাংলাদেশ পিস অবজারভেটরির (বিপিও) এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
দেশে করোনা পরিস্থিতি তুলে ধরে গতকাল সোমবার বিপিওর প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস) প্রতিবেদনটি প্রস্তুত করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় করোনাকালে কয়েকটি বিষয় নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে বিপিও। করোনা পরিস্থিতি নিয়ে গত বছরের ১ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত দেশের ২৫টি গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণ করে এবারের প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশে করোনার উপসর্গ নিয়ে গত বছরের ২২ মার্চ থেকে চলতি বছরের ২৫ মে পর্যন্ত সময়ে মারা গেছেন ২ হাজার ২৪৪ জন। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৩৯৬ জন, খুলনা বিভাগে ৩৬৫ জন, রাজশাহী বিভাগে ২৩৭ জন, বরিশালে ২৪৪ জন, সিলেটে ১০২ জন এবং রংপুর ৯৫ জন মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়, জেলার হিসাবে করোনার উপসর্গে সর্বোচ্চ মৃত্যু কুমিল্লায়, ২৫২ জন। এরপরে চাঁদপুরে ১৬১ জন, সাতক্ষীরায় ১১৩ জন, খুলনায় ১১১ জন, চট্টগ্রামে ১০৪ জন, ঢাকায় ৯২ জন, বরিশালে ৮৯ জন, রাজশাহীতে ৭৭ জন, বগুড়ায় ৫৯ জন এবং পটুয়াখালীতে ৫১ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। বিপিও বলছে, সারা দেশে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ২ হাজার ২৪৪ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৮০২ জন এবং নারী ৪৪২ জন।
করোনাভাইরাসের টিকা কর্মসূচি নিয়ে বিপিওর তথ্য বলছে, ঢাকা জেলায় টিকা নেওয়ার হার সবচেয়ে বেশি, ৭ দশমিক ৪৫ শতাংশ। আর সবচেয়ে কম জামালপুর জেলায়, ১ দশমিক ৭৯ শতাংশ। টিকাদান কর্মসূচিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ, ৩ দশমিক ৫৩ শতাংশ। টিকা কর্মসূচিতে এ অঞ্চলে শীর্ষে রয়েছে ভুটান।
দেশটিতে টিকা নেওয়ার হার ৬২ দশমিক ৫৬ শতাংশ। বাংলাদেশের পরে আছে পাকিস্তান, ২ দশমিক ১২ শতাংশ।
বিপিওর প্রতিবেদনে আরও বলা হয়, ২৫ মে পর্যন্ত দেশে করোনার প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১ জন। আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৪০ লাখ ৮৪ হাজার ৩০ জন। এর মধ্যে টিকা নেওয়ার পর জ্বর, ঠান্ডা ও ব্যথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ১ হাজার ১ জনের।
বিপিও জানিয়েছে, করোনাকালে সরকারি নির্দেশনা লঙ্ঘনের মতো অনিয়ম ও অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে ২৬ হাজার ৫৯৩ জনকে। বিপিও বলেছে, ১২ মে থেকে ২৫ মে পর্যন্ত সময়ে জরিমানা ও শাস্তি কমেছে। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় এ সময়ে ৮৭ জনকে জরিমানা ও শাস্তি দেওয়া হয়েছে।