করোনার বুস্টার ডোজ নিয়ে ফুল পেলেন তাঁরা
চট্টগ্রামে কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ গ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে নগরে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। ষাটোর্ধ্ব ব্যক্তি ও করোনার সম্মুখসারির যোদ্ধাদের বুস্টার ডোজ দেওয়া হয়।
বুস্টার ডোজ গ্রহীতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, তিন ডোজ টিকার মাধ্যমে ষাটোর্ধ্ব ব্যক্তি ও সম্মুখসারির যোদ্ধাদের আরও সুরক্ষিত করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। পর্যায়ক্রমে অন্য শ্রেণি–পেশার মানুষকে বুস্টার ডোজ দেওয়া হবে।
প্রথম দিন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩০০ জনকে ফাইজারের টিকার বুস্টার ডোজ দেওয়া হয় বলে জানা গেছে। এ ছাড়া বন্দর হাসপাতালে ১০ জনকে ও সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে ৯৬ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়। আর উপজেলা পর্যায়ে গতকাল মঙ্গলবার ৪১০ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়।