করোনাসমনিয়া কীভাবে দূর করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

মেডিকেল নিউজ টুডে অনলাইন সাময়িকীতে ১০ জুন ‘কোভিড-১৯ লকডাউনস সো ইনক্রিজড স্ক্রিন টাইম অ্যান্ড স্লিপ প্রবলেম’ শিরোনামে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে বিভিন্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী লকডাউন আরোপের বিষয়ে গুরুত্বের কথা উল্লেখ করার পাশাপাশি একটি অবধারিত বাস্তবতার কথাও বলা হয়েছে। সেটা হলো কম্পিউটার ও মোবাইল ফোনের পর্দায় (স্ক্রিন) আমাদের যে এখন আগের চেয়ে বেশি সময় চোখ রাখতে হচ্ছে, তার কিছু পরিণাম সম্পর্কে। এ কারণে এখন কারও কারও ঘুমের সমস্যা বা ইনসমনিয়া দেখা দিচ্ছে।

‘ইনসমনিয়া’ শব্দটি আমাদের পরিচিত। রাতে ঘুম আসে না, হঠাৎ ঘুম ভেঙে যায়। দুঃস্বপ্ন অস্বস্তি বাড়ায়। এটাই ইনসমনিয়া। নতুন কিছু না। এর অনেক কারণ থাকে। কিন্তু আগে যাঁদের কখনো ঘুমের সমস্যা হতো না, তাঁদের অনেকে এখন ইনসমনিয়ায় আক্রান্ত। এর একটি কারণ করোনা অতিমারি। একবার করোনা হয়ে যাঁরা আবার সুস্থ হয়ে উঠেছেন বা যাঁদের করোনা হয়নি, তাঁদের অনেকের ঘুমের সমস্যা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা একেই বলছেন ‘করোনাসমনিয়া’।

করোনা অতিমারি মানুষের জীবনে অনিশ্চয়তা, জীবিকার সমস্যা, হঠাৎ চাকরি চলে যাওয়া প্রভৃতি অভাবিতপূর্ব বিপদ ডেকে এনেছে। এ কারণে মানসিকভাবে অনেকে দুর্বল হয়ে পড়ছেন। দুশ্চিন্তা ও দৈনন্দিন সমস্যার চাপ বাড়ছে। মনে শান্তি-স্বস্তি না থাকলে ঘুমের সমস্যা থাকা স্বাভাবিক।

যেসব দেশ বা অঞ্চলে করোনায় আক্রান্তের আশঙ্কা বেশি, সেখানে প্রায়ই লকডাউন বা অন্য কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। এ সময় বাসার বাইরে চলাফেরা বা সামাজিক অনুষ্ঠান কমে যায়। অনেকে বাসায় থেকে অফিসের কাজ করেন। এ সময় কম্পিউটার বা মোবাইলে বেশি সময় ব্যস্ত থাকতে হয়। মোবাইলে বেশি সময় কাটে। ফলে, একধরনের মোবাইল–আসক্তি বেড়ে যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব ইলেকট্রনিক যন্ত্রপাতি নিয়ে বেশি সময় কাজ করার কারণে হয়তো ঘুমের সমস্যা বাড়ছে।

হিপনো থেরাপিস্ট কার্ল রলিসন মেডিকেল নিউজ টুডেকে বলেন, ‘আমাদের ২৪ ঘণ্টার ঘুম-জাগরণ চক্র নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের সুপ্রাচিয়াসমেটিক নিউক্লিয়াস (এসসিএন) অংশ। এ অংশ চারপাশের আলোর মাত্রার বিভিন্ন মান সব সময় পর্যবেক্ষণে রাখে এবং সে অনুযায়ী ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন মেলাটনিন তৈরি করে। বেশি অন্ধকার থাকলে বেশি মেলাটনিন তৈরি হয় এবং আমাদের গভীর ঘুম হয়। কিন্তু কম্পিউটার-মোবাইলে বেশি কাজ করলে এসব ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে যে চোখধাঁধানো আলো বের হয়, তা মস্তিষ্কে একধরনের উত্তেজনা সৃষ্টি করে এবং এসসিএনকে বিভ্রান্ত করে। মেলাটনিন কম তৈরি হয়। ঘুমের ব্যাঘাত ঘটে।’

পর্যাপ্ত পরিমাণ ঘুম না হলে বা ঘুমের সমস্যা হলে স্বাস্থ্যের ক্ষতি হয়। রক্তচাপ বাড়ে। টাইপ-২ ডায়াবেটিস, কিডনি বিকল, হৃদ্‌রোগ, স্ট্রোক, দেহের ওজন বৃদ্ধিসহ নানা রকম সমস্যা দেখা দেয়। দুশ্চিন্তা ও মানসিক চাপে অনেকে কাহিল হয়ে পড়েন।
এর প্রতিকার কী? প্রয়োজনে ডাক্তারের সঙ্গে পরামর্শ তো করতেই হবে। তবে সাধারণভাবে কিছু নিয়ম মেনে চলাও দরকার। যেমন একটানা বেশিক্ষণ কম্পিউটার বা মোবাইল ফোনে কাজ না করা। প্রতি ঘণ্টায় অন্তত একবার করে ১০ থেকে ১৫ মিনিট চোখের বিশ্রাম দেওয়া, অতিরিক্ত চা-কফি পান না করা। সন্ধ্যার পর আর চা-কফি নয়। রাতে ঘুমের অন্তত দুই ঘণ্টা আগে থেকে কম্পিউটার-মোবাইলে কোনো কাজ না করা।
এ ছাড়া সাধারণভাবে সকাল বা বিকেলে হালকা ব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ, হাত-পাসহ বিভিন্ন অঙ্গের সামান্য নাড়াচাড়া করে শরীরের সব অস্থিসন্ধিতে রক্ত সঞ্চালন অব্যাহত রাখার ব্যবস্থা, চোখের পাতা কয়েকবার করে বন্ধ-খোলা ও চোখের মনি ডানে-বাঁয়ে, ওপরে-নিচে ওঠা-নামা করা। প্রতিদিন অন্তত সকালে বা বিকেলে জনবিরল এলাকায় বয়সভেদে ১৫ থেকে ৩০ মিনিট হাঁটা। এই সাধারণ ব্যায়ামগুলো নিয়মিত করলে শরীর ও মন সুস্থ থাকে। রাতে ভালো ঘুম হয়।

লকডাউন-টিকা-মাস্ক
সম্প্রতি সীমান্তবর্তী জেলাগুলোয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মেনে চলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংক্রমণ বাড়তে দেওয়া যাবে না। এ জন্য সরকার টিকা সংগ্রহের চেষ্টা অব্যাহত রেখেছে। কিছু সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তবে আমরা যদি সবাই ঘরের বাইরে মাস্ক ব্যবহার করি, কিছু সময় পরপর সাবান দিয়ে হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলার নিয়ম মেনে চলি, তাহলেও করোনাভাইরাস অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এসব বিষয়ে আমাদের সবার বিশেষ সচেতনতা দরকার।

অনেক কিছু এখনো অজানা
এক বছরের বেশি সময় ধরে করোনাভাইরাসের সংক্রমণ চলছে। অনেকে মৃত্যুবরণ করেছেন। অনেকে সুস্থ হয়েও করোনা-উত্তর অসুস্থতায় ভুগছেন। করোনার নতুন নতুন ধরন আসছে এবং সেই সঙ্গে সংক্রমণেরও নতুন নতুন রূপ ধরা পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনো করোনার অনেক কিছু অজানা। গবেষণা চলছে। চিকিৎসারও নতুন নতুন পদ্ধতি আবিষ্কৃত হচ্ছে। করোনা অতিমারি নিয়ন্ত্রণে আনতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যায় না। সুতরাং আমাদের মাস্ক নিয়ে চলতে হবে আরও অনেক দিন। এ বিষয়ে আমাদের মনোবল দৃঢ়তর না করলে করোনায় আক্রান্ত না হলেও অসুস্থ হয়ে পড়তে পারি।


আব্দুল কাইয়ুম: মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার সম্পাদক
[email protected]