করোনায় আক্রান্ত ২৬ জনের ২৫ জনই ঢাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি: রয়টার্স

দেশে গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় কারও মৃত্যু হয়নি। এ সময় ২৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৫ জনই ঢাকা বিভাগের।

ঢাকা ছাড়া শুধু রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে একজনের। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে কারও সংক্রমণ শনাক্ত হয়নি।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ হাজার ২৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬১।

সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৫০৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৭৬০ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যুর খবর জানানো হয়। শুরুতে মৃত্যু অনিয়মিত থাকলেও ওই বছরের ৪ এপ্রিল থেকে করোনায় মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা।

শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার।

পরে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমেছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে করোনা বিধিনিষেধ।