করোনায় মৃত্যু ৩৩ জনের, শনাক্ত কমেছে
দেশে টানা ৫ দিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩৬ জনের মৃত্যু হয়েছিল।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৫৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৮৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮৬।
আগের দিন এ হার ছিল ২৭ দশমিক ৪৩। গত ২৪ ঘণ্টায় ২২ জন পুরুষ ও ১১ জন নারী মারা যান। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া খুলনায় ৬, রাজশাহীতে ৪, চট্টগ্রামে ও সিলেটে ২ জন করে এবং রংপুরে ১ জনের মৃত্যু হয়।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৩৫ হাজার ৭৭৬ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৯৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৮১ হাজার ৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৫৫ জন।
দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এ ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে।