করোনায় আমেরিকায় আরও ৯ জনসহ ১৮৭ বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া নয় বাংলাদেশির পাঁচজন সিরাজুল ইসলাম, বাবুল ইসলাম, শফি হায়দার, বিদ্যুৎ দাস ও আবদুস সালাম খান। ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া নয় বাংলাদেশির পাঁচজন সিরাজুল ইসলাম, বাবুল ইসলাম, শফি হায়দার, বিদ্যুৎ দাস ও আবদুস সালাম খান। ছবি: সংগৃহীত

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও নয়জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় ১৮৭ বাংলাদেশির মৃত্যু হলো। লকডাউনের সীমাবন্ধতার কারণে তথ্য সংগ্রহে সমস্যা হওয়ায় এ সংখ্যার কিছুটা তারতম্য হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া বাংলাদেশিরা হলেন-সিরাজুল ইসলাম, আবদুর রাজ্জাক, বাবুল ইসলাম, শফি হায়দার, বিদ্যুৎ দাস, আতাউর রহমান চৌধুরী, আবদুস সালাম খান, আবদুল খালেক ও আবু জাহের ।

করোনায় মৃত্যু হওয়া আবদুস সালাম খান (৭৬) জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের শ্বশুর। তিনি ২১ এপ্রিল লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পাঁচ মেয়ে ও নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের দেশে বাড়ি সিলেট জেলার বিয়ানিবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রামে।

এদিকে নিউইয়র্কে ছোট ভাইয়ের পর বড় ভাইয়েরও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তিন সপ্তাহের ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে আছে পরিবারের সদস্যরা। টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএর সাবেক ক্রীড়া সম্পাদক মোহাম্মদ খান রাজেশের বড় ভাই শফি হায়দারের (৫৪) ২১ এপ্রিল মৃত্যু হয়। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ মার্চ থেকে ম্যানহাটনের মাউন্টসিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর ছোট ভাই সাইফুর হায়দার খান আজাদ (৪৭) করোনায় আক্রান্ত হয়ে ৪ এপ্রিল মৃত্যুবরণ করেন। মরহুম শফি হায়দারের স্ত্রী মাসুমা পারভীন তাঁদের ছোট মেয়েকে নিয়ে বাংলাদেশে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কের প্রিয়মুখ প্রকৌশলী বিদ্যুৎ দাস ২১ এপ্রিল স্থানীয় সময় রাত আটটা পাঁচ মিনিটে হাসপাতালে পরলোক গমন করেন। বেশ কিছুদিন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিদ্যুৎ দাস যুক্তরাষ্ট্র হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টানন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী কেকা দাস, কন্যা কুহু ও পুত্র আকাশকে রেখে গেছেন। তিনি স্ট্যাটেন আইল্যান্ডে বাস করতেন।

একদিকে আশার বাণী, আরেকদিকে আশঙ্কার কথা। নিউইয়র্কে যদিও দিনে গড় মৃত্যুর সংখ্যা কমছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মহামারির সময়ে অভিবাসন ইস্যু নিয়ে মাঠে নেমেছেন। তিনি বলেছেন, আপাতত ৬০ দিনের জন্য অভিবাসন বন্ধ থাকবে আমেরিকায়। সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলের প্রধান বলেছেন আসছে শীতের মৌসুমে করোনাভাইরেসের তাণ্ডব হবে আরও ভয়াবহ। সরকারি হিসেবে আমেরিকায় করোনায় মৃত্যুর সংখ্যা ৪৫ হাজার। এর মধ্যেই নাগরিকদের জানানো হচ্ছে দ্বিতীয় দফা করোনাভাইরাসের ভয়াবহ আগমনের আশঙ্কার কথা।

সিডিসি পরিচালক রবার্ট রেডফিল্ড ২১ এপ্রিল জানিয়েছেন, তিনি আরো নাজুক পরিস্থিতির আশঙ্কা করছেন। আসছে শীত মৌসুমে নিয়মিত ফ্লু সিজনে করোনাভাইরাসের দ্বিতীয় দফা প্রাদুর্ভাব এবং বিপর্যয় নিয়ে তিনি শঙ্কিত। চলমান অবস্থা থেকে দ্বিতীয় দফা বিপর্যয় আরও নাজুক হবে।

এদিকে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ২১ এপ্রিল হোয়াইট হাউসে দুই নেতার বৈঠকের পর কুমো বলেছেন, প্রেসিডেন্টের সঙ্গে কার্যকর আলোচনা হয়েছে। নিউইয়র্কে দিনে ৪০ হাজার করোনাভাইরাস টেস্ট করার সুবিধাসহ রাজ্যের জন্য বর্ধিত ফেডারেল সহযোগিতা প্রদানে প্রেসিডেন্ট ট্রাম্প সম্মত হয়েছেন। এখন পর্যন্ত আমেরিকায় করোনায় আক্রান্ত ৮ লাখ ১৯ হাজার ১৭৫ জন ব্যক্তি। মৃত্যুও বেশি হয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটিতে। মোট ৪৫ হাজার ৩৪৩জন। সুস্থ হয়েছে ৮২ হাজার ৯৭৩জন।

আমেরিকায় সবচেয়ে বেশি আক্রান্ত অঙ্গরাজ্য হচ্ছে নিউইয়র্ক। এ রাজ্যে মোট আক্রান্ত হচ্ছে ২ লাখ ৫৬ হাজার ৫৫৫ জন। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৯৩ জনের। এরপরই রয়েছে নিউজার্সি, এখানে আক্রান্ত ৯২ হাজার ৩৮৭জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৫৩ জনের। ম্যাসাচুসেটসে আক্রান্ত ৪১ হাজার ১৯৯ জন, মৃত্যু ১ হাজার ৯৬১ জন। ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ৩৬ হাজার ৭০৪ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৮জনের। মিশিগানে আক্রান্ত ৩২ হাজার ৯৬৭ জন, মৃত্যু হয়েছে ২ হাজার ৭০০ জনের।