করোনায় চার দিনে হাজার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার ডেলটা ধরনের দাপটে বিশ্বজুড়ে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে
ফাইল ছবি: প্রথম আলো

করোনার ডেলটা ধরনের দাপটে দেশে চার দিনে এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন ২৪৮ জন। তাদের নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২২ হাজার ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে ১২ হাজার ৬০৬ জন। এ সময় করোনায় মৃত্যু ও রোগী শনাক্ত আগের দিনের চেয়ে কমেছে। কমেছে রোগী শনাক্তের হারও। আজ শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ৪৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৬ দশমিক ২৫ শতাংশ। আগের দিন রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। নতুন রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ৭৪৪ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ছিল ২৭ দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৩৫ হাজার ২৬০। মোট মৃত্যু হয়েছে ২২ হাজার ১৫০ জনের। আর করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ঢাকা বিভাগে মারা গেছেন ৬৯ জন, খুলনা বিভাগে ৩৬ জন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে ১৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা অন্যান্য বিভাগের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাস সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

এরপর বিভিন্ন সময়ে সংক্রমণ কমবেশি হলেও দুই মাসের বেশি সময় ধরে দেশে করোনা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। করোনার ডেলটা ধরনের দাপটে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে। গত জুলাই মাসে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮২ জনের। প্রায় দেড় বছর ধরে চলা এই মহামারিতে এর আগে কোনো মাসে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ। এর আগে বেশি মৃত্যু হয়েছিল গত এপ্রিলে ২ হাজার ৪০৪ জনের।

সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে গত মাসের প্রথম দুই সপ্তাহ দেশে সর্বাত্মক বিধিনিষেধ পালন করা হয়। এ সময় সব ধরনের অফিসের পাশাপাশি গণপরিবহন চলাচলও বন্ধ রাখা হয়। কিন্তু ২১ জুলাই ঈদুল আজহা উপলক্ষে এই বিধিনিষেধ আট দিনের জন্য শিথিল করা হয়।

ঈদের পর ২৩ জুলাই থেকে আবার দুই সপ্তাহের সর্বাত্মক বিধিনিষেধ চলছে। ৫ আগস্ট এই বিধিনিষেধ শেষ হওয়ার কথা ছিল। তবে ৫ দিন বাড়িয়ে তা ১০ আগস্ট পর্যন্ত চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বেই এখন করোনার ডেলটা ধরনের দাপট চলছে। এরইমধ্যে বিশ্বের ১৩৫টি দেশ ও অঞ্চলে করোনার অতিসংক্রামক এই ধরন ছড়িয়েছে। এর ফলে দেশে সংক্রমণ ও মৃত্যু বেড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ কোটি ১ লাখ ৭৪ হাজার ৮৮৩ জন। আর মৃত্যু হয়েছে ৪২ লাখ ৫৫ হাজার ৮৯২ জনের। সবচেয়ে রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপর বেশি মৃত্যু হয়েছে ব্রাজিল ও ভারতে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায় ১ হাজার ৭৩৯ জনের। তারপরে মৃত্যু হয়েছে ব্রাজিলে ১ হাজার ২০৯ জনের। তৃতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায় ৭৯৪ জনের।

এ সময় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ১৪ হাজার ৮২০ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী শনাক্ত হয়েছে ভারতে ৪২ হাজার ৯৮২ জন। রোগী শনাক্তের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইরান, ৩৯ হাজার ৩৫৭ জন।