করোনায় ওয়াশিংটনে পঞ্চম বাংলাদেশি মার্কিনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ এপ্রিল গত রোববার বৃহত্তর ওয়াশিংটনে খাদিজা বেগম (৭১) নামের আরেক বাংলাদেশি আমেরিকানের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় বৃহত্তর ওয়াশিংটনে পাঁচজন বাংলাদেশি আমেরিকানের মৃত্যু হয়েছে।
খাদিজা করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েক দিন ধরে ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। ২৬ এপ্রিল ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, খাদিজা বেগমসহ তাঁর পুরো পরিবার বেশ কয়েক দিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। চিকিৎসায় পরিবারের অন্য সদস্যরা সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন। ২৭ এপ্রিল বিকেলেই খাদিজা বেগমের জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ভার্জিনিয়া বসবাসরত বাংলাদেশের একসময়ের জাতীয় অ্যাথলেট কুস্তিগির ফারুক আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় হাসপাতালে ভর্তি হয়ে কয়েক দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বর্তমানে সুস্থ হয়ে বাসায় আছেন।