করোনায় কেয়ার নেই হ্যাসিডিকদের

হ্যাসিডিক ইহুদি গোষ্ঠী হিসেবে পরিচিত তারা। এদের আচার, ব্যবহার, স্বভাব আলাদা। এদের নিজস্বতার একটি উদাহরণ এমন যে, হ্যাসিডিকরা একসঙ্গে বসবাস করেন। একত্রে বসবাসের জন্য তাদের খ্যাতি সর্বত্র। থাকেন নিজেদের নিয়ে। বিচ্ছিন্ন হয়ে অন্য গোত্র বা মূলধারার সঙ্গে এরা বসবাস করে না।
নিউইয়র্কের কুইন্সের ব্রায়ারউড এলাকায় এই সম্প্রদায়ের ছোট্ট একটি গ্রুপ বাস করে। নিউইয়র্ক নগরের আরও কয়েকটি এলাকায়ও তাদের দেখা মিলে। তবে ব্রুকলিনে বিস্তীর্ণ এলাকায় এদের বিশাল জনসংখ্যার বসবাস। এরা খুবই ধর্মপ্রাণ। ওই সব এলাকায় গেলে নিউইয়র্ককে অন্যরকম দেখায়।
দিনের যে বেলা–ই হোক, হোক গভীর রাত বা ভোর রাত। দেখবেন ওরা হাঁটছে। একা হোক, গ্রুপ বেঁধে হোক, ছোট বাচ্চাদের সঙ্গে নিয়ে হোক। পুরুষ–নারী সবাইকে হাঁটতে দেখা যায় একসঙ্গে। কালো রঙের লম্বা কোট, মাথায় ভারী মখমলের কালো টুপি। তাপমাত্রা ৯০ ডিগ্রি হলেও তা পরনে থাকবে। তাদের নারীদেরও পোশাক অনুরূপ।
হ্যাসিডিক ইহুদিরা লকডাউন মানছে না। পুলিশি তৎপরতা সেই এলাকায় অবশ্য বেশি। তবে ব্যক্তি স্বাধীনতা এবং নাগরিক অধিকার লঙ্গন হবে, এ কারণে ধর্মান্ধদের রোধ করতে পুলিশকে বেগ পেতে হয়। মেয়র নির্বাচনে এদের ভোটও একটি বড় ফ্যাক্টর হওয়ার কারণে পুলিশ এদের সামাজিক ও ধর্মীয় আচারের ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করে না বলে অনেকে বিশ্বাস করেন।
১১ এপ্রিল নিউইয়র্কের সেসব এলাকা ঘুরে এসেছেন এমন একজনের সঙ্গে ফোনে কথা হয়। বললেন, বিয়ের একটি অনুষ্ঠান চলতে দেখেছেন। অন্য এক জায়গায় ধর্মীয় উপসনালয়েও জমায়েত হতে দেখেছেন হ্যাসিডিকদের। গ্রুপ বেঁধে রাস্তায় স্বাভাবিকভাবে হাঁটতে দেখেছেন এদের। শনিবার সন্ধ্যার চিত্র ছিল এটি। ড্রাইভ করে ব্রুকলিনের উইলিয়ামসবার্গের হ্যাসিডিক এলাকা ঘুরে ঘুরে দেখছিলেন তিনি করোনার গাইডলাইন না মানা এসব লোকজনকে। তাদের জন্য কী অপেক্ষা করছে , তাদের কারণে কতজনের মূল্য দিতে হবে, এ নিয়েও যেন বিকারহীন এই ধর্মীয় গোষ্ঠীটি!