করোনায় গ্রোসারিতে সরবরাহ কম, বাড়ছে ভিড়

নিউইয়র্কের গ্রোসারিগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ খুবই কম। তারপরও ক্রমে ক্রেতাদের ভিড় বেড়ে যাচ্ছে।
১৬ মার্চ মধ্যরাত থেকে নিউইয়র্কে সাটডাউনের খবর প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে এক ভিন্ন যুদ্ধ।
বাঙালি–অধ্যুষিত এলাকার বাসিন্দাদের বেশির ভাগই গ্রোসারি অভিমুখে যাত্রা করছেন। বাংলাদেশি অভিবাসীদের অনেকেই জ্যাকসন হাইটস, জ্যামাইকাসহ বাঙালি–অধ্যুষিত এলাকার গ্রোসারিতে ব্যাপক কেনাকাটা শুরু করেছেন। বিশেষ করে বাংলাদেশি ছোট–বড় মাছসহ মোরগ ও গরু-ছাগলের মাংসের অর্ডার দিতে লম্বা লাইন পড়ে যায়।
দোকানের কর্মচারীদের হঠাৎ করে বিপুলসংখ্যক ক্রেতার চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। জ্যাকসন হাইটসের প্রায় সব গ্রোসারিতে ক্রেতাদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহে ব্যস্ত দেখা যায়।
নিউইয়র্কের বৃহত্তম চেইন গ্রোসারি শপের মালিক সাকিল চৌধুরী বলেন, ইতিমধ্যে বাংলাদেশি সব জাতের মাছের সরবরাহ সীমিত হয়ে আসছে। সরবরাহকারীদের অনেকেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে অপারগতা প্রকাশ করছেন। সব ধরনের মাংস সরবরাহ সীমিত।