করোনায় চট্টগ্রামে আরও পাঁচজনের মৃত্যু

করোনাভাইরাস পরীক্ষার প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ১২ শতাংশ।

আজ বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৭৩ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫১ হাজার ৪৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৮৬৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৯ জনের করোনা পজিটিভ আসে।

চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের ও দুজন উপজেলার বাসিন্দা। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৮২ জন। বিভিন্ন উপজেলার ২৭ জন।

আগের ২৪ ঘণ্টায় (সোমবার) চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়। একই সময় ৯০২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৬ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ছিল ১২ শতাংশ।