করোনায় দুদিনের ব্যবধানে স্বামী–স্ত্রীর মৃত্যু

করোনাভাইরাস
প্রতীকী ছবি

ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় করোনায় আক্রান্ত হয়ে হেনা আক্তারের (৬৫) মৃত্যুর দুই দিন পর তাঁর স্বামী কাজী মো. মহসিন (৭২) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক (সিএমএইচ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বামী-স্ত্রীসহ তাঁদের বড় ছেলে কাজী মো. রিমন (৩৫)  করোনায় আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।  

কাজী মো. মহসিন কসবা পৌর শহরের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক এবং কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলামের বড় ভাই। এই দম্পতি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই সপ্তাহ আগে হেনা আক্তারের করোনা শনাক্ত হয়। এর এক দিন পর তাঁর স্বামী ও বড় ছেলে করোনায় আক্রান্ত হন। এরপর স্বামী-স্ত্রী দুজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাঁদের দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। এরপর গত বুধবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টায় হেনা আক্তার মারা যান। ওই দিন বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আইনমন্ত্রী এবং স্থানীয় সাংসদ আনিসুল হক। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আগামীকাল শনিবার জোহর নামাজের পর শাহপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে কাজী মো. মহসিনের জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত উপজেলায় ১ হাজার ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে উপজেলায় মারা গেছেন চারজন। সুস্থ হয়েছেন ৭৪১ জন। উপজেলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৯৪৭ জন করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১২ হাজার ৭৮৯ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৩৪৩ জন।