করোনায় ওয়াশিংটনে দুই বাংলাদেশির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহত্তর ওয়াশিংটনে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন-মেরিল্যান্ড প্রবাসী চিকিৎসক আবদুল মান্নান (৮০) ও ভার্জিনিয়ার মুজাহিদুর রহমান (৭০)। ১১ এপ্রিল তাঁদের মৃত্যু হয়।

মেরিল্যান্ড প্রবাসী চিকিৎসক আবদুল মান্নানের বাড়ি বগুড়ায়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে পরে ইংল্যান্ডে ডিগ্রি নেন। ১৯৭৭ সালে তিনি আমেরিকা চলে আসেন। তিনি এক ছেলে, এক মেয়ে ও চারজন নাতি-নাতনি রেখে গেছেন।

এদিকে একই দিনে করোনায় আক্রান্ত হয়ে ভার্জিনিয়ার মুজাহিদুর রহমানের মৃত্যু হয়েছে। জানা গেছে, মুজাহিদুর রহমানের স্ত্রী প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হলে তিনি স্থানীয় হাসপাতালে যোগাযোগ করেন। প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাসায় হোম কোয়ারিন্টিনে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি সুস্থ্য হয়ে উঠলেও আক্রান্ত হয় তাঁর স্বামী মুজাহিদুর রহমানসহ পরিবারের আরও পাঁচ সদস্য।

১১ এপ্রিল মুজাহিদুরের অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। করোনায় আক্রান্ত হয়ে ভার্জিনিয়ার উডব্রিজে বসবাসকারী মুজাহিদুরের মৃত্যু বৃহত্তর ওয়াশিংটনে প্রথম বাংলাদেশির মৃত্যু। এই মৃত্যুর সংবাদে ইতিমধ্যেই বাংলাদেশি কমিউনিটিতে আতঙ্ক শুরু হয়েছে।

মুজাহিদুরের একজন নিকটাত্মীয় জানান, তাঁর আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহ হস্তান্তরের জানাজ ও দাফনের ব্যবস্থা করা হবে।