করোনায় মৃতদের সৎকার ব্যয় দিতে বিল উত্থাপন

আমেরিকায় করোনাভাইরাসে মৃত্যু হওয়া সব নাগরিকের শেষকৃত্য ব্যয় প্রদানের জন্য রাজ্য সিনেটে 'কোভিড-১৯ ফিউনারেল অ্যাসিসট্যান্ট অ্যাক্ট বিল' নামে একটি বিল উত্থাপিত হয়েছে। ১২ মে নিউইয়র্কের ১৪তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ইউএস প্রতিনিধি আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ ও প্রতিনিধি বারবারা লি যৌথভাবে এই বিল উত্থাপন করেন। বিলে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে শেষকৃত্য ব্যয় বহনের জন্য ফিমাকে ১০ হাজার ডলার প্রদান করতে বলা হয়েছে।
আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বলেন, দুনিয়ার সবচেয়ে সম্পদশালী দেশ আমেরিকার উচিৎ স্বল্প আয়ের পরিবারের এই দুঃসময়ে পাশে দাঁড়ানো। যদিও প্রতিটি মৃত্যু দুঃখজনক
তারপরও করোনায় মারা যাওয়া প্রিয়জনদের জন্য প্রাপ্য শেষ সম্মান উপযুক্ত ভাবে প্রদর্শনের জন্য অনেক পরিবারকে হিমশিম খেতে হচ্ছে।
অন্য একটি সূত্রে জানা গেছে, ফেডারেল ইমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফিমা) আগে ঘটে যাওয়া অনেক বিপর্যয়ে নিহতদের সৎকারের ব্যয় বহন করে। কিন্ত
এবার ট্রাম্প সরকার এ ধরনের ব্যয় বহনে অনীহা প্রদর্শন করে আসছে।
বারবারা লি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে ফেডারেল সরকার সময় মতো সঠিক পদক্ষেপ নেয়নি। এ কারণে নিউইয়র্কের বিভিন্ন সমাজে বসবাসকারী অনেকের প্রিয়জনের মৃত্যু হয়েছে। প্রিয়জনরা তাদের শেষ বিদায় জানাতে পারেনি। এঁদের অধিকাংশ হলেন নিউইয়র্কে স্বল্প আয়কারী কৃষ্ণাঙ্গ, এশিয়ান ও ল্যাটিনো। তিনি দাবি করেন, ফেডারেল সরকারের উচিৎ অবিলম্বে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ানো। স্বজন হারানো পরিবারের তালিকায় সবার নাম এমনকি যাদের জানুয়ারি মাসে হয়েছে তাঁদের নামও অন্তর্ভুক্ত করা উচিত।