দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৯১ জন। গতকালের চেয়ে আজ মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগের দিন ৩ জনের মৃত্যু ও ২৫৭ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৬ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৭। আগের দিন এ হার ছিল ১ দশমিক শূন্য ২।

আজ করোনায় যে দুজনের মৃত্যু হয়েছে, তাঁরা দুজনই পুরুষ। দুজনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। এ দুজন ঢাকা ও রংপুর বিভাগের। বাকি ছয় বিভাগ মৃত্যুশূন্য।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৭৫০। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৩ জনের এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪৫ জন সুস্থ হয়েছেন।