করোনায় মৃত্যু ২৪ জনের, শনাক্ত কমে ৩ হাজারের নিচে
করোনা সংক্রমণ কমার ধারাবাহিকতায় সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন রোগী শনাক্তের সংখ্যা ৩ হাজারের নিচে নেমেছে। এ সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামে। রোগী শনাক্ত ও শনাক্তের হার, দুটোই ৩৮ দিনের মধ্যে সর্বনিম্ন। দেশে করোনার নতুন ধরন অমিক্রনের দাপট শুরুর সময়, গত ১১ জানুয়ারি এর চেয়ে কম নতুন রোগী (২ হাজার ৪৫৮) ও শনাক্তের হার (৮ দশমিক ৯৭) হওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর এই সংখ্যা আগের দিনের চেয়ে বেশি। আগের দিন ৩ হাজার ৫৩৯ জনের সংক্রমণ শনাক্ত হয়। মৃত্যু হয় ২০ জনের।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ৬৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ২ হাজার ৫৮৪ জনের সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৩১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১০ দশমিক ২৪।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। অমিক্রনের দাপটে নতুন রোগী শনাক্ত ও শনাক্তের হার দ্রুত বাড়তে থাকে। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৪ জনের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। চট্টগ্রাম ও সিলেটে মারা গেছেন তিনজন করে। দুজন রাজশাহীতে এবং একজন করে খুলনা ও রংপুরে মারা গেছেন। বরিশাল ও ময়মনসিংহে কেউ মারা যাননি।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ২৯ হাজার ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৯৩১ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৯৮৮ জন।