করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ১ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

দেশে করোনায় আবারও একটি মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শরিবার সকাল ৮টা) দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগে গত মঙ্গলবার থেকে টানা তিন দিন দেশে করোনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬২ জনের। আগের দিন সংক্রমণ শনাক্ত হয়েছিল ১০৮ জনের।

গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৩। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৬। তার আগের দিন এ হার ছিল ১ দশমিক ৬৯।
করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫০ হাজার ৫২৭। তাঁদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১১৪ জন, সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর জানানো হয়। শুরুতে মৃত্যু অনিয়মিত থাকলেও সে বছরের ৪ এপ্রিল থেকে করোনায় মৃত্যু ছিল নিত্যদিনের ঘটনা। এর পর থেকে দুই বছর ধরে চলা এই মহামারিকালে গত বছরের ২১ নভেম্বর ও ৯ ডিসেম্বর এই দুই দিন ছিল করোনায় মৃত্যুশূন্য।

শুরু থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত বছরের ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণ বাড়তে শুরু করে। করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।

সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল। এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনার সংক্রমণ কমায় আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে বিধিনিষেধ।