করোনায় লকডাউন কি সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

করোনাভাইরাস যখন চীনে পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকে জানুয়ারির শেষের দিকে, আমিসহ বেশ কয়েকজন চিকিৎসক প্রতিদিন মাতম করে গেছি, প্রতিদিন বলে গেছি প্রস্তুতির কথা। জানুয়ারি ৩০-এ প্রথম আলো দূর পরবাসে করোনাভাইরাস: কতটুকু প্রস্তুত বাংলাদেশ শিরোনামে নিউজ লিখেছি। এরপর কেটে গেছে প্রায় পঞ্চাশটা দিন। আমাদের সরকারের প্রস্তুতি এখন ভালোভাবেই চোখে পড়ছে।

আমরা যখন প্রস্তুতির কথা বলতাম, করোনাভাইরাসের লেলিহান সর্বগ্রাসী শিখার কথা বলতাম, কতিপয় সিনিয়ররা এসব উড়িয়ে দিতেন। বলতেন, যথেষ্ট প্রস্তুতি আছে, সব ব্যবস্থা নেওয়া আছে, পর্যাপ্ত প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাক্তারদের নিজেদের প্রটেকশনের যাবতীয় আয়োজন আছে। আতঙ্কের কিছু নেই। তাদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইইডিসিআরের সিনিয়র কর্মকর্তারাও ছিলেন।

গতকাল বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা প্রকাশ করেছে সরকার। যদিও অনেকের আশঙ্কা সরকার এ ব্যাপারে লুকোচুরি করছে। আসল সংখ্যা প্রকাশ করছে না। পূর্বের অভিজ্ঞতা এ ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয়। আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়বে, তা বুঝতে রকেট সায়েন্স জানতে হয় না। কিন্তু আমাদের তা বোঝাবে কে?

প্রতীকী  ছবি
প্রতীকী ছবি

আমার আশঙ্কা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই কতিপয় কর্মকর্তারা সঠিক তথ্য জানাচ্ছেন না। তাঁরা সব ওকে ওকে করে ম্যাডামকে আশ্বস্ত করেছেন। ম্যাডামও তাঁদের বিশ্বাস করছেন। কিন্তু দিন শেষে সব দোষ সরকারপ্রধান হিসেবে তাঁর ঘাড়েই চাপবে।

১৮ মার্চ সারা দিন সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের মাতম দেখছিলাম। বলতে গেলে সবাই–ই আতঙ্কিত। আর হবেই না বা কেন। তাঁদের জন্য পিপিইর কোনোও ব্যবস্থা নেই। টেস্ট করার কোনো ব্যবস্থা নেই। কোনো প্রটোকল দেওয়া হয়নি। শুধু নির্দেশ জারি করা হয়েছে কর্মক্ষেত্র ত্যাগ না করার।

করোনা–যুদ্ধের মূল যোদ্ধা হলেন ডাক্তার ও নার্সরা। এখন আপনি যদি তাঁদের কোনো যুদ্ধাস্ত্র ছাড়াই বলেন যুদ্ধ চালিয়ে যাও, তাহলে পরাজয় সুনিশ্চিত! ইতিমধ্যে ইতালিতে প্রায় তিন হাজার স্বাস্থ্যকর্মী সংক্রমিত, অনেকে মৃত্যুবরণ করেছেনও। এমন পরিস্থিতিতে ডাক্তাররা কেনইবা নিজের জীবনে আশঙ্কায় রেখে চিকিৎসা দিতে যাবেন। এ প্রশ্নের উত্তর কে দেবেন!

ছবি: রয়টার্স
ছবি: রয়টার্স

প্রস্তুতির যা সময় পেয়েছিল, সরকার তা হেলায় হারিয়েছে। এখন ধ্বংসযজ্ঞ দেখার পালা। আরও দেখার পালা কখন সেসব হর্তাকর্তাদের বোধোদয় হয়। কখন করোনার লেলিহান শিখা তাঁদের গায়ে একটুখানি লাগে।

এখন সরকারের করণীয় কী হতে পারে? যেহেতু কোয়ারেন্টিনে সরকার সম্পূর্ণ ব্যর্থ, বিদেশ থেকে আসা ঠেকাতে পারেনি, এখন একটি পথই খোলা, সেটা হলো শহরগুলো লকডাউন করে দেওয়া। কিন্তু এই লকডাউন আমাদের মতো গরিব দেশের জন্যে বলা যতটুকু সহজ, করা এর চেয়ে অনেক বেশি কঠিন, বলতে গেলে প্রায় অসম্ভব। তাই সরকার এখন হয়তো লাভ–লোকসানের হিসাব করছে। লকডাউন করলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে? সরকার রাখতে পারবে? এত মানুষের চাহিদা মেটাতে পারবে?

সরকার হিসাব করতে থাকুক। এদিকে করোনা তান্ডবলীলা চালিয়েই যাচ্ছে। মানুষ এমনিতে মরবে, অমনিতেও মরবে, তাই শুধু শুধু করোনার আতঙ্ক ছড়িয়ে ভয় দেখাতে চাইছে না সরকার। হয়তো সে জন্যই কোনো টেস্টের ব্যবস্থা নেই বললেই চলে। যা আছে, তা শুধুই শো–অফ। যে দেশে মানুষের মূল্য সবচেয়ে কম, সেই দেশের সরকারের কাছে প্রত্যাশা করাও মূল্যহীন। তবুও মনকে মানাতে পারি না বলেই লিখে যাওয়া, নিজে পরবাসে একা পড়ে থাকলেও, দেহটা এখানে পড়ে থাকলেও, মন ঠিকই সব সময় পড়ে থাকে প্রিয়জনদের কাছে!

*লেখক: এমডি নিউরোলজি (অধ্যয়নরত), ইয়াংজো ইউনিভার্সিটি, জিয়াংসু, চীন