করোনায় স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে উপসর্গ নিয়ে স্বামীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে শাহনাজ আক্তার খানমের (৫০) মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই করোনার উপসর্গ নিয়ে তাঁর স্বামী আবদুল মতিনও (৫৮) মারা গেছেন। নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৮ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। একসঙ্গে মা–বাবাকে হারিয়ে চার সন্তান এখন শোকে মুহ্যমান।
আবদুল মতিনের ছেলে মো. রিয়াজ হোসেন জানান, গত বুধবার দিবাগত রাত ১২টার পর তাঁর মা শাহনাজ আক্তার খানম নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মায়ের লাশ দাফন করা হয়। এদিকে করোনার উপসর্গ নিয়ে তাঁর বাবা আবদুল মতিনও অসুস্থ ছিলেন। গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থারও অবনতি ঘটে। এরপর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনিও মারা যান।
আজ শুক্রবার বেলা ১১টায় আবদুল মতিনের লাশ দাফন করা হয়েছে বলে জানান রিয়াজ। আবদুল মতিন–শাহনাজ আক্তার দম্পতির চার ছেলে ও এক মেয়ে। তাঁদের বড় দুই ছেলে মাসুদুর রহমান সৌদি আরব ও আবদুল্লাহ আল-মামুন ইরাকপ্রবাসী।
সেনবাগ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া পড়েছে। স্বজনদের কোনো সান্ত্বনাই আবদুল মতিন ও শাহনাজ আক্তারের সন্তানদের আহাজারি থামাতে পারছে না।
মর্মান্তিক এই মৃত্যু থেকে আশপাশের মানুষকে শিক্ষা নিতে হবে বলে মনে করেন খোরশেদ আলম। তিনি বলেন, করোনাভাইরাসকে অবহেলা করা যাবে না। অকারণে ঘরের বাইরে ঘুরে বেড়ানো বন্ধ করতে হবে। আর বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার ও অন্যান্য স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ছাড়া করোনা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই।