করোনায় মৃত্যু ২৯ হাজার ছাড়াল, নতুন শনাক্ত ১৫১৬
দেশে করোনায় ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যু ও নতুন রোগী বেড়েছে। গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫১৬ জন। এ সময়ে করোনা সংক্রমিত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ছাড়িয়ে গেল।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন ১ হাজার ২৯৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল আর মৃত্যু হয়েছিল ৫ জনের।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭ হাজার ৪৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ দশমিক ৫৩। আগের দিন এ হার ছিল ৫ দশমিক ৫৮।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। তাঁদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তিনজন করে, রাজশাহী ও সিলেটে একজন করে এবং রংপুর বিভাগে দুজনের মৃত্যু হয়েছে।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের দাপটে দ্রুত বাড়তে থাকে রোগী শনাক্ত ও শনাক্তের হার। গত ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্ত ১০ হাজার ছাড়িয়ে যায়।
সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরে ছিল। এরপর নিয়মিত রোগী শনাক্ত ও শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণ কমায় গত মঙ্গলবার থেকে আবার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন।