করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্তের হার ১–এর নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মৃত্যু
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত) করোনায় সংক্রমিত আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১২২ জন। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১-এর নিচে নেমেছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগের দিন করোনায় ২ জনের মৃত্যু এবং ১৯১ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩ হাজার ৯৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৭। আগের দিন এ হার ছিল ১ দশমিক ১৭।

করোনায় যে চারজনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। তিনজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে, একজনের বেসরকারি হাসপাতালে। খুলনা বিভাগে দুজন এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। অন্য পাঁচ বিভাগ মৃত্যুশূন্য।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার ৮৭২। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪৭ জনের এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ৪০৩ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৪৪ জন সুস্থ হয়েছেন।