করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত বেড়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা) করোনায় সংক্রমিত আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩২৯ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ৫ জনের মৃত্যু ও ১৭৭ রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২১ হাজার ৬১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী। এখন পর্যন্ত দেশে করোনায় ২৮ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯২৮ ও নারী ১০ হাজার ১০০ জন।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৮৮ জন সুস্থ হয়েছেন।