বিপর্যয় পেরিয়ে জেগে উঠছে নিউইয়র্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে ব্রুকলিনের গ্র্যান্ড আর্মি প্লাজায় ৭ জুন নাগরিক প্রতিবাদে শিশুকে কাঁধে নিয়ে যোগ দিয়েছেন এই প্রতিবাদকারী। ছবি: সোহেল মাহমুদ
নিউইয়র্কে ব্রুকলিনের গ্র্যান্ড আর্মি প্লাজায় ৭ জুন নাগরিক প্রতিবাদে শিশুকে কাঁধে নিয়ে যোগ দিয়েছেন এই প্রতিবাদকারী। ছবি: সোহেল মাহমুদ

শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের অন্যতম কোলাহলের নগরী নিউইয়র্ক খুলছে। করোনাভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে লকডাউনের কারণে অবরুদ্ধ হয়ে পড়া নগরী প্রথম ধাপে খুলছে ৮ জুন। প্রথম ধাপে খুলছে নির্মাণকাজ, ম্যানুফ্যাকচারিং, দোকানের বাইরে থেকে মালামাল ওঠা-নামা ও খুচরা ব্যবসা। সব ক্ষেত্রেই সামাজিক দূরত্বের নিয়মাবলি ও ব্যক্তিগত সুরক্ষার নিয়মাবলি মেনে চলতে হবে।

এদিকে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের কারণে জারি করা কারফিউ একদিন আগেই প্রত্যাহার করা হয়েছে। ইতিহাসের কঠিনতম বিপর্যয়ের পথ পেরিয়ে নিউইয়র্ক নগরীর মানুষ সতর্ক পায়ে আবার বেরিয়ে আসছে জীবন-জীবীকার তাগিদে।

করোনাভাইরাসের বিপর্যয়ের পর ছড়িয়ে পড়া বির্ণবাদ বিরোধী আন্দোলনেও নাজুক হয়ে পড়েছে নিউইয়র্ক। পুলিশের হাতে মিনেপোলিসে জর্জ ফ্লয়েডের নিহত হওয়ার পর অন্য বড় বড় নগরীর মতো নিউইয়র্কও উত্তাল হয়ে ওঠে। আন্দোলন বিক্ষোভ কয়েক দফা সহিংস হয়ে ওঠে, ব্যাপক লুটপাট শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে নগরীর ৭৭ বছরের ইতিহাসে রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়। প্রতিবাদকারীরা কারফিউ অমান্য করেই বিক্ষোভ অব্যাহত রাখে। একপর্যায়ে আন্দোলন শৃঙ্খলায় ফিরে আসে। লুটতরাজ নিয়ন্ত্রিত হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রেই। এমন অবস্থায় নগরীর মেয়র একদিন আগেই, অর্থাৎ স্থানীয় সময় ৭ জুন থেকে থেকেই কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

৭ মার্চেও নিউইয়র্কে দিনভর ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। বেলা ১১টা থেকে ব্রুকলিনের বিভিন্ন এলাকায় লোকজন পোস্টার হাতে নেমে আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সমাবেশ ঘটে। ম্যানহাটনের ইউনিয়ন স্কয়ারসহ ডাউনটাউন এলাকায় বিক্ষোভকারীরা বর্ণবাদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশ সর্বত্রই ছিল শান্তিপূর্ণ। এতে যুবক ও তরুণদের অংশগ্রহণ ছিল বেশি। শুধু কৃষ্ণাঙ্গ নয়-সব বর্ণের মানুষের ব্যাপক অংশগ্রহণে বিচারের দাবি ও সাম্যের দাবি উচ্চারিত হচ্ছিল।

নিউইয়র্ক নগরী খুলছে। কিছুদিন আগে থেকেই নগরীর ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলোতে সীমিত সেবা চালু হয়। ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার
নিউইয়র্ক নগরী খুলছে। কিছুদিন আগে থেকেই নগরীর ঐতিহ্যবাহী রেস্তোরাঁগুলোতে সীমিত সেবা চালু হয়। ছবি: হৃদয় অনির্বাণ খন্দকার

নগরীর মেয়র বিল ডি ব্লাজিও আগের দুই দিনে নগরীর সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একদিন আগেই কারফিউ প্রত্যাহারের ঘোষণা দিলে আন্দোলনকারীরা হাত তালির মাধ্যমে ধন্যবাদ দিয়ে স্বাগত জানায়। ৭ জুন রাতেও ম্যানহাটনে বিক্ষোভাকারীদের সরব পদচারণা অব্যাহত রয়েছে। মেয়র ব্লাজিও পুলিশ ব্যবস্থাপনায় নগরীর বাজেট কর্তনের ঘোষণা দিয়েছেন। এ অর্থ যুব ও সামজিক খাতে ব্যয় করা হবে বলে মেয়র ঘোষনা দিয়েছেন। এ ছাড়া পুলিশি ব্যবস্থাপনায় আরও সংস্কার করা হচ্ছে, স্ট্রিট ভেন্ডর নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশকে দেওয়া হবে না বলে জানিয়েছেন।

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বের সবচেয়ে বেশী মৃত্যুর নগরী নিউইয়র্ক। তিন মাসে ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যুর পাহাড়ে দাঁড়িয়ে নিত্য চলা দ্রুত এ নগরীর মানুষ আবার জীবনে ফিরে আসার জন্য বেরিয়ে আসছে। এ নগরীতে এমন কেউ নেই যার পরিবার, স্বজন বা পরিচিতজনের করোনায় মৃত্যু হয়নি। নগরীর ট্রাফিক বিভাগে কাজ করা সৈয়দ উতবা বলেন, নিউইয়র্কের হাজারো মানুষের বেদনার নিশ্বাস আমাদের বহুদিন তাড়া করে যাবে।

ম্যানহাটনে কাজ করা ব্রায়ান ওয়াকার বলেন, নগরীতে কাজ করতে গেলেও জীবন আর কখনো আগের মতো হবে না। চিন্তার আগেই যেন জীবন বদলে গেছে। তিনি জানালেন, নগরীর জনারণ্য বদলে যাবে। আমরা এখনও জানি না, আমাদের নিকট ভবিষ্যতেই কী আছে।

নগরীতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কমে এসেছে। মেয়র জানিয়েছেন, ৬ জুন এ সংখ্যা ছিল ৭২ জনে। নগরীতে ব্যাপক টেস্টিং করা হচ্ছে। মাত্র চার শতাংশের করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে। এখনও নগরীর হাসপাতালের ইনটেনসিভ কেয়ারে আছে ৩২৪ জন রোগী। এ অবস্থাকে সহনীয় মনে করা হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসির নির্দেশনামা অনুযায়ী।