কালকের মধ্যে হাই ফ্লো নাজাল ক্যানুলা নিশ্চিতের কথা হাইকোর্টকে জানালেন অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত মুমূর্ষু রোগীদের জন্য সরকারিভাবে আগামীকাল রোববারের মধ্যে ১০ থেকে ১৫টি হাই ফ্লো নাজাল ক্যানুলা পৌঁছে দেওয়া হবে।

আজ শনিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চকে এ তথ্য জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে গতকাল শুক্রবার রাতে ওই হাসপাতালে ক্যানুলাস্বল্পতার কারণে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। জরুরি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আরজি জানিয়ে গতকাল রাত ১১টার দিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে বিষয়টি আদালতকে অবহিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। আদালত এ বিষয়ে রাষ্ট্রপক্ষকে জেনে জানাতে বলেন। এর ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে ওই তথ্য জানান।

পরে এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন, রোববারের মধ্যে ১০ থেকে ১৫টি হাই ফ্লো নাজাল ক্যানুলা সরকারিভাবে পৌঁছে দেওয়া হবে। এই তথ্য আদালতকে অবহিত করা হয়েছে।’

আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো নাজাল ক্যানুলার সংকটে করোনাভাইরাসে সংক্রমিত সাতজন রোগীর মৃত্যু হয়েছে। আরও আটজন রোগীর অবস্থা মুমূর্ষু। টিভিতে প্রচারিত সংবাদ দেখে গতকাল রাত ১১টার দিকে খুদে বার্তা দিয়ে রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে বিষয়টি অবহিত করি। বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে দেখতে বলেন আদালত। এর ধারাবাহিকতায় আজ অ্যাটর্নি জেনারেল আদালতকে ওই তথ্য জানান।’