কুমিল্লায় এক দিনে শনাক্ত ২৮২ জন, সংক্রমণ ১৫ হাজার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস।
প্রতীকী ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ২৫৯। এদিকে গেল এক দিনে করোনায় আক্রান্ত হয়ে জেলায় চারজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন শনাক্ত ২৮২ জনের মধ্যে ১৩৯ জনই কুমিল্লা শহরের বাসিন্দা। নমুনা পরীক্ষার তুলনায় জেলায় শনাক্তের হার ৪২ দশমিক ১ শতাংশ। একই সময়ে মারা যাওয়া ৪ জন নিয়ে জেলায় মোট ৪৯৩ জন মারা গেছেন।

জেলার গত পাঁচ দিনের করোনা প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, শহরে ও গ্রামে সমানভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। জেলা করোনাবিষয়ক ফোকাল পার্সন ও ডেপুটি সিভিল সার্জন মো. শাহাদাত হোসেন জানান, গত পাঁচ দিনে কুমিল্লা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২ হাজার ৬৯০ জনের নমুনা পরীক্ষায় ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শহরের আক্রান্ত হয়েছেন ৪৭৭ জন এবং গ্রামের ৪৭৭ জন। শনাক্তের হার গড়ে ৩৫ দশমিক ৬৬ শতাংশ। এই পাঁচ দিনে মারা গেছেন ১৬ জন। এর মধ্যে শহর ও গ্রামে আটজন করে মারা গেছেন।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, কুমিল্লায় করোনা রোগী দিনদিন বেড়েই চলছে। গত কয়েক দিনে শহরে ও গ্রামে শনাক্ত ও মৃতের হার সমান। জেলার বিভিন্ন স্থানে মানুষ ঠিকমতো স্বাস্থ্যবিধিও মানছেন না। এতে সংক্রমণ বেড়েছে।

গত বছরের ৭ এপ্রিল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার জিয়াপুর গ্রামে প্রথম দুজনের করোনা শনাক্ত হয়। এরপর একই বছরের ১১ এপ্রিল দেবীদ্বার উপজেলার নবীয়াবাদ গ্রামের এক ব্যক্তি প্রথম করোনায় মারা যান।