কুমিল্লায় করোনায় এক দিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত এটিই এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৬২। আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত মারা যাওয়া ১৬ জনের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ৫ জন রয়েছেন। এ ছাড়া আদর্শ সদর ও মুরাদনগরে ৩ জন করে, লাকসামে ২ জন এবং বুড়িচং, চান্দিনা ও দাউদকান্দি উপজেলায় একজন করে মারা গেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জনের নমুনা পরীক্ষায় ৪৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪০ দশমিক ৯। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৯৯৩ জন।

জানা গেছে, গত বছরের ১১ এপ্রিল জেলায় প্রথম করোনায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়। এর পর থেকে আজ বুধবার পর্যন্ত কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭টি উপজেলায় করোনায় ৫৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসের প্রথম ১৪ দিনেই ৮৫ জন মারা গেছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে এই জেলায় ছয়জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত পুরো জেলার মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৮১ জন মারা গেছেন। বাকিদের মধ্যে দেবীদ্বারে ৪৭ জন, বরুড়ায় ৩৮, চান্দিনায় ৩৭, আদর্শ সদরে ৩৫, মুরাদনগরে ৩৪, লাকসামে ৩৩, নাঙ্গলকোটে ২১, সদর দক্ষিণে ১৯, মনোহরগঞ্জে ১৫, ব্রাহ্মণপাড়ায় ১০, চৌদ্দগ্রামে ও বুড়িচংয়ে ৩২ জন রয়েছেন। এ ছাড়া দাউদকান্দি, লালমাই, হোমনা ও তিতাসে সাতজন করে মারা গেছেন। তবে এখন পর্যন্ত জেলার মেঘনা উপজেলায় কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘করোনার নতুন ভেরিয়েন্ট শহর ও গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সংকটাপন্ন রোগীরা দেরি করে হাসপাতালে আসছেন। যে কারণে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় সবাই ঘরে থাকুন। স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করুন।’