কুমিল্লায় ৩০ দিনে করোনায় ২৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩ হাজার ৭৩৯
কুমিল্লায় চলতি মাসের ৩০ দিনে করোনায় আক্রান্ত হয়ে ২৩৪ জন মারা গেছেন। একই সময়ে জেলায় ১৩ হাজার ৭৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার পর্যন্ত জেলায় ১ হাজার ৭৬২ জনের নমুনা পরীক্ষায় ৭১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪০ দশমিক ৬৩ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জুলাই মাসে প্রায় প্রতিদিনই শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। মাসের শুরুতে শনাক্তের হার ছিল ২৬ দশমিক ২ শতাংশ। ৩০ দিনের ব্যবধানে আজ শনাক্তের হার ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে।
এ সময়ের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ১৯৫ জন। গত বছরের জুলাই মাসে ৩০ দিনে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৭ এবং সুস্থ রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৪১১। এক বছরের ব্যবধানে শনাক্ত ও মৃত্যুর হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
জেলায় গত বছরের ৭ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। একই মাসের ১১ তারিখ জেলায় প্রথম একজন ব্যক্তি করোনায় মারা যান। এ পর্যন্ত জেলায় ১ লাখ ২০ হাজার ৬৪৭ জনের নমুনার মধ্যে ১ লাখ ১৭ হাজার ৭৭১ জনের ফলাফল এসেছে। এতে ২৮ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৫ জন ও মারা গেছেন ৭১১ জন।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, জুলাই মাসে সংক্রমণ মারাত্মকভাবে বেড়েছে। ৩০ দিনে কুমিল্লা সিটি করপোরেশন ও ১৭টি উপজেলায় বিভিন্ন বয়সী মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সংক্রমণ রোধে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।