খুলনা বিভাগে করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১৯৩
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। একই সময়ে ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৯ হাজার ৩১৬। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট ২ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ। বিভাগে বর্তমানে আরটি-পিসিআর, র্যাপিড অ্যান্টিজেন ও জিন এক্সপার্ট পদ্ধতিতে নমুনা পরীক্ষা হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন করোনা শনাক্ত ১৯৩ জনের মধ্যে যশোরে সর্বোচ্চ ৪৪ জন আছেন। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১৯, ঝিনাইদহ ১০, খুলনায় ২৮, কুষ্টিয়ায় ৩৭, বাগেরহাটে ৮, সাতক্ষীরায় ২৭, মেহেরপুরে ৬ এবং নড়াইল ও মাগুরায় ৭ জন করে শনাক্ত হয়েছেন।
বিভাগের জেলাগুলোর মধ্যে খুলনায় এখন পর্যন্ত সর্বোচ্চ ২৭ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরপর যশোরে ২১ হাজার ১৭৭ জনের এবং কুষ্টিয়ায় ১৭ হাজার ৭৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সবচেয়ে কম মাগুরায় ৪ হাজার ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। ১০ জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৯৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনায় ২ জন এবং ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইলে ১ জন করে আছেন। বিভাগে এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে খুলনায় করোনায় সর্বোচ্চ ৭৬৪ জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ৭৩২ জন মারা গেছেন। এ ছাড়া যশোরে ৪৬১, ঝিনাইদহে ২৬২, চুয়াডাঙ্গায় ১৮৮, মেহেরপুরে ১৭৮, বাগেরহাটে ১৪০, নড়াইলে ১১৪, সাতক্ষীরায় ৮৮ ও মাগুরায় ৯০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিভাগের ১০ জেলায় সক্রিয় করোনা রোগী সংখ্যা ৭ হাজার ৬০২। তাঁদের মধ্যে হাসপাতালে ৪৪৬ জন চিকিৎসাধীন। বাকিরা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।