খুলনা বিভাগে চলতি সপ্তাহে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

করোনাভাইরাস
প্রতীকী ছবি

খুলনা বিভাগে গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৫ জনের। এই নিয়ে বিভাগের ১০ জেলায় করোনায় সংক্রমিত হয়েছে ৩১ হাজার ৮০৫ জনের। এই সময়ে বিভাগে ৩ জন করোনায় মারা যান।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগনিয়ন্ত্রণ) ফেরদৌসী আক্তার আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগে করোনা সংক্রমিত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৮ হাজার ৯০৫ জন। সুস্থতার হার প্রায় ৯১ শতাংশ। সুস্থ ও মারা যাওয়া ব্যক্তি বাদে বাসায় এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৩১২ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে যশোরে ১৫ জন, ঝিনাইদহে ৭ জন, খুলনায় ৩০ জন, কুষ্টিয়ায় ৫ জন, মাগুরায় ৪ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ১ জন করে এবং সাতক্ষীরায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় বাগেরহাট ও মেহেরপুরে কারও করোনা শনাক্ত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত সাত দিনে আগের দুই সপ্তাহের তুলনায় মৃত্যু ও শনাক্ত অনেক কমেছে। ২ মে থেকে আজ ৮ মে সময়ে খুলনা বিভাগে ৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। প্রতিদিন গড়ে শনাক্ত হয়েছেন ৭৫ জন। এই সাত দিনে বিভাগে করোনায় মারা গেছেন ১৩ জন। এর আগের সাত দিনে (২৫ এপ্রিল থেকে ১ মে) প্রতিদিন প্রায় ১১৭ জন গড়ে ৮২০ জনের করোনা শনাক্ত হয়। ওই সময়ে মারা যান ২৭ জন। আর ১৮ থেকে ২৪ এপ্রিল প্রতিদিন গড়ে ১ হাজার ১১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। ওই সময় মারা গেছেন ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগের বাগেরহাট, খুলনা ও নড়াইলে একজন করে করোনার সংক্রমণে মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৮৮ জনের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৫৬ জন, কুষ্টিয়ায় ১০৭, যশোরে ৭৪, ঝিনাইদহে ৫৪, চুয়াডাঙ্গায় ৫১, সাতক্ষীরায় ৪৪, বাগেরহাটে ৩৫, নড়াইলে ২৫, মাগুরা ২৩ ও মেহেরপুরে ১৯ জন মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার ১ দশমিক ৮৫ শতাংশ।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হন চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত ৩ জুলাই ১০৭তম দিনে এসে বিভাগে করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫ হাজার অতিক্রম করে। ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। ৫ অক্টোবর শনাক্তের সংখ্যা ২২ হাজার, চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, ৯ এপ্রিল ২৮ হাজার, ১৫ এপ্রিল ২৯ হাজার, ২১ এপ্রিল ৩০ হাজার ও ২৯ এপ্রিল করোনা রোগী শনাক্তের সংখ্যা ৩১ হাজার ছাড়ায়। ৪ মে শনাক্তের সংখ্যা সাড়ে ৩১ হাজার ছাড়ায়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা হিসেবে এ পর্যন্ত সর্বোচ্চ ৯ হাজার ৩৪৪ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরে ৭ হাজার ৫৫৯ জন। বিভাগের মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী খুলনার। এ ছাড়া বাগেরহাটে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪০৮ জন, চুয়াডাঙ্গায় ১ হাজার ৮৭৮, যশোরে ৬ হাজার ৪৬৬, ঝিনাইদহে ২ হাজার ৭৮৭, কুষ্টিয়ায় ৪ হাজার ৬৬২, মাগুরায় ১ হাজার ২৩২, মেহেরপুরে ৯১৮, নড়াইলে ১ হাজার ৮২০ ও সাতক্ষীরায় ১ হাজার ২৯০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

খুলনায় শনাক্তের হার ১৭ দশমিক ৫৪ শতাংশ। আর খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে ৩৪ করোনা রোগী চিকিৎসাধীন। এর মধ্যে চারজন আছেন আইসিইউতে।