খুলনায় তিন হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু
খুলনা মহানগরে অবস্থিত ৩টি করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ১৯ দিন ধরে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দুই অঙ্কের নিচে আছে। এর আগের ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোয় ৭ জনের মৃত্যু হয়েছিল। জেলা সিভিল সার্জন কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ২ জন এবং শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন করে মারা গেছেন।
জেলার দুটি বেসরকারিসহ পাঁচটি করোনা হাসপাতালের রোগী ভর্তির তথ্য থেকে দেখা গেছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ২০০ শয্যা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৩৮ জন ও করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২১ জন। এ ছাড়া হাসপাতালের ২০টি এইচডিইউ শয্যায় ১১ জন রোগী ভর্তি আছেন। তবে ২০টি আইসিইউ শয্যার একটিও খালি নেই।
এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৮ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে নতুন করে ২ জন ভর্তি ও ১ জন ছাড়পত্র নিয়েছেন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ১০টি আইসিইউসহ ৪৫ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা ২৩ জন। হাসপাতালের ১০টি আইসিইউ শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৯ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জন করোনা রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়পত্র নিয়েছেন ৩ জন।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ শয্যার করোনা ইউনিটে ১৯ জন রোগী ভর্তি আছেন। গত এক দিনে নতুন করে ২ জন ভর্তি হয়েছেন ও ৪ জন ছাড়পত্র নিয়েছেন। এ ছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার বিপরীতে ৪২ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন ৮ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়েছেন আরও ৮ জন।